উন্মুক্ত আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তে পৌঁছাতে চান ইউজিসি চেয়ারম্যান
দলীয় ছাত্ররাজনীতি থাকা বা না থাকা নিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে উন্মুক্ত আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তে পৌঁছাতে চান বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
আজ সোমবার (১১ মে) এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এমন কথা জানান তিনি।
তিনি বলেন, ক্যাম্পাসগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের প্রশ্নে বিভিন্ন মতামত ও সুপারিশকে গুরুত্ব দেওয়া হবে। আমরা আগেভাগে কোনো সাজেশন দিয়ে আলোচনার ক্ষেত্র সংকুচিত করতে চাই না। বরং উন্মুক্ত আলোচনার মাধ্যমে যেসব সুপারিশ আসবে, সেগুলো নীতিনির্ধারণে সহায়ক হবে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ের মৌলিক ধারণার মধ্যেই স্বাধীন মতপ্রকাশ ও চিন্তার স্বাধীনতা রয়েছে। তবে সেই স্বাধীনতা যেন স্বেচ্ছাচারিতায় পরিণত না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। স্বাধীনতা ও দায়িত্ববোধের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও যদি এ ভারসাম্যের ব্যত্যয় ঘটে, তাহলে কীভাবে তা মোকাবিলা করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ তৈরি করা হয়েছে। এসব আলোচনা থেকে পাওয়া সুপারিশ ভবিষ্যৎ নীতিনির্ধারণে ভূমিকা রাখবে।