২৩ এপ্রিল ২০২৬, ২৩:২৮

ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি প্রচারকারীদের শনাক্ত করার দাবি জবি ছাত্রদলের

জবি ছাত্রদলের বিক্ষোভ  © সংগৃহীত

ফেসবুকে ছড়িয়ে পড়া জাইমা রহমান ও তারেক রহমানের কুরুচিপূর্ণ ছবি প্রচারকারীদের শনাক্ত করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি প্রধান ফটক দিয়ে বের হয়ে পুরান ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি বাহাদুর শাহ পার্ক, শাখারীবাজার মোড় এবং আদালত পাড়া হয়ে ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

মিছিল চলাকালে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং এ ঘটনাকে ‘পরিকল্পিত অপপ্রচার’ আখ্যা দেন। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করতে সামাজিক মাধ্যমে এমন কুরুচিপূর্ণ কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, ‘এ ধরনের নোংরা প্রচারণার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছায়া রাজনীতি ও অপপ্রচার গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করছে।’ 

তারা আরও বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে শিক্ষার্থীরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।’

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ সংগঠনটির বিভন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।