১৭ এপ্রিল ২০২৬, ১০:২৯

বামরাই এতদিন ফ‍্যাসিবাদকে দীর্ঘায়িত করেছিল: হামিম

ছাত্রদল নেতা হামিম   © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি পাওয়া ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম বলেছেন, বামরাই এতদিন ফ‍্যাসিবাদকে দীর্ঘায়িত করেছিল। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

ফেসবুক পোস্টে হামিম বলেন, ‘এই বামরাই এতোদিন ফ‍্যাসিবাদকে দীর্ঘায়িত করেছিলো। ভিডিওতে দেখলাম দিলীপ রায় নামক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক বহিরাগত গাজাখোর বাটপার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল প্রধানমন্ত্রী  জননেতা তারেক রহমানকে নিয়ে সেই আওয়ামী বয়ান দিয়ে ১/১১ কে জাস্টিফাই করছে ও আজেবাজে মন্তব‍্য করছে। কয়েক পুরিয়া গাঁজা না খেলে যারা বক্তব‍্য দিতে পারেনা এই বামদের জন‍্য ডিসি মাসুদ ভাইয়ের উদ‍্যান অভিযান অব‍্যাহত থাকা অত‍্যন্ত জরুরী।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রশাসনকে বলবো- প্রতিনিয়ত মাদক অভিযান চালানো দরকার নতুবা মাদকাসক্ত এই বিপ্লবী ছাত্রমৈত্রীর বামরা ক‍্যাম্পাসকে দূষিত করবে। আর মাদকাসক্ত বহিরাগত এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে এই রামবামদের ম্যানহোলের ঢাকনা খোলার মতন মুখ খুলে দুর্গন্ধ ছড়ানোর দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে…..’