০৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর উদ্বেগ ও পুনর্বিবেচনার আহ্বান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ  © ফাইল ফটো

সরকার কর্তৃক গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, পুলিশ কমিশন এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এমন উদ্বেগ জানায়।

বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে শক্তিশালী করা, মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে প্রণীত এসব অধ্যাদেশ বাতিলের সুপারিশ একটি পশ্চাৎমুখী সিদ্ধান্ত, যা গণতান্ত্রিক অগ্রযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

জকসু মনে করে, একটি শক্তিশালী ও স্বাধীন প্রাতিষ্ঠানিক কাঠামো ছাড়া সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের ওপর হওয়া অন্যায়ের বিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

এছাড়াও বিবৃতিতে বলা হয়, দেশের ইতিহাস সাক্ষ্য দেয় যে জনগণের অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হতে পারে না। 

ইতিহাসের এই অমোঘ সত্যকে সামনে রেখে দেশের স্থিতিশীলতা রক্ষা এবং গণতন্ত্র ও মানবাধিকারের অগ্রযাত্রা সমুন্নত রাখার স্বার্থে এই আত্মঘাতী উদ্যোগ দ্রুত পুনর্বিবেচনা করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে জকসু সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলে, ‘জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে এসব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের উদ্যোগ দ্রুত পুনর্বিবেচনা করুন। একই সঙ্গে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।’

শেষে তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী একটি জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা বজায় রাখতে এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এসব অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত পুনঃ মূল্যায়ন করার জন্য জকসু সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।