চবিতে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীকে ইফতার করালো ছাত্রশিবির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রায় সাড়ে ৩ হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে বৃহৎ ইফতার মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর শুরু হওয়া এ আয়োজন মাগরিবের ইফতার শেষে ইশার নামাজ পর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে চলতে থাকে। অনুষ্ঠান বাস্তবায়নে আনুমানিক ৫ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন শিবির নেতারা।
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবির সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মুজাহিদুল ইসলাম। এতে দারসুল কোরআন পেশ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরীফ উদ্দিন পাটোয়ারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন চবি দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাকসু এজিএস সাইদ বিন হাবীব, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ ও সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সিবগাতুল্লাহ সিবগা বলেন, রমজান বরকতময় মাস, যা মানুষের মধ্যে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। হযরত ওমর (রা.)-এর একটি দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলেন, কাঁটাযুক্ত পথ অতিক্রমের সময় যেমন সতর্ক হয়ে চলতে হয়, তাকওয়াও তেমনি আল্লাহভীতি নিয়ে সচেতনভাবে জীবন পরিচালনা করা। তিনি বলেন, 'সুযোগ থাকা সত্ত্বেও আমি খাচ্ছি না, খারাপ কাজ করছি না এটাই তাকওয়া।'
তিনি আরও বলেন, পবিত্র কোরআন নাজিল হয়েছে এই রমজানেই। কেউ জেনারেল শিক্ষায় মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করলেও যদি কোরআন না জানে, তবে তার জীবন অপূর্ণ থেকে যায়। সমাজের অন্ধকার দূর করতে কোরআনের শিক্ষাই একমাত্র আলো। রাসুল (সা.)-এর আগমনের সময়কার অজ্ঞ সমাজ কোরআনের মাধ্যমেই আলোকিত হয়েছিল। শিক্ষার্থীরা যে বিষয়ে পড়ুক না কেন, তা কোরআনের দৃষ্টিতে অনুধাবন ও জীবনে প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ইব্রাহিম হোসেন রনি বলেন, আমরা মনে করেছিলাম অতীতে সংঘটিত ধর্ষণসহ নানা অপরাধের পরিবেশ আর থাকবে না। কিন্তু এখনও দেশে ৬ থেকে ১৫ বছর বয়সী মেয়েশিশুরাও ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। চুরি-ডাকাতি, মারামারি ও সংঘাতের ঘটনাও ঘটছে।” তিনি সমাজের নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় মূল্যবোধে ফিরে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ১ মার্চ রবিবার ছাত্রীদের হলের প্রায় ২ হাজার শিক্ষার্থীর মাঝে পৃথকভাবে ইফতার বিতরণ করা হবে বলে জানান আয়োজকরা।