১০ নভেম্বর ২০২৬, ১৯:২১

৬০ টাকা বেতনের টয়লেট ক্লিনার থেকে ব্যাংকের এজিএম, যে গল্প হার মানায় সিনেমাকেও

জীবনযুদ্ধের এপিট ওপিট জয় করা প্রতীক্ষা টেন্ডলকার   © সংগৃহীত

স্বামীকে হারিয়ে মাত্র ২০ বছর বয়সে ছোট সন্তানকে নিয়ে কঠিন বাস্তবতার মুখে পড়েছিলেন ভারতের প্রতীক্ষা টেন্ডলকার। সংসার চালাতে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। মাসে বেতন পেতেন মাত্র ৬০ থেকে ৬৫ রুপি। তবে প্রতিকূলতার কাছে হার মানেননি। কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে একসময় একই ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে উন্নীত হন তিনি। ৫৫ বছর বয়সে পূরণ করেন প্রাকৃতিক চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনার দীর্ঘদিনের স্বপ্নও।

১৯৬৪ সালে ভারতের মহারাষ্ট্রের পুনেতে জন্ম প্রতীক্ষার। আর্থিকভাবে অসচ্ছল পরিবারে বেড়ে ওঠা প্রতীক্ষার বিয়ে হয় মাত্র ১৬ বা ১৭ বছর বয়সে। বিয়ের পর সপ্তম শ্রেণিতে পড়ার সময়ই পড়াশোনা বন্ধ হয়ে যায়। বিয়ের প্রায় তিন বছর পর সড়ক দুর্ঘটনায় মারা যান তার স্বামী সদাশিব কাদু। তখন প্রতীক্ষার বয়স মাত্র ২০ বছর। তাদের ছেলের বয়স ছিল প্রায় এক বছর।

স্বামীর মৃত্যুর পর প্রথমে সেলাইয়ের কাজ শুরু করেন প্রতীক্ষা। পরে ছেলেকে নিয়ে মুম্বাইয়ে চলে যান। স্বামীর বকেয়া বেতন নিতে তিনি একটি এসবিআই শাখায় যান। সেখানে শাখা ব্যবস্থাপকের কাছে নিজের কর্মসংস্থানের সুযোগ চান। ১৯৮৫ সালে ব্যাংকটিতে খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ পান তিনি। মাসিক বেতন ছিল প্রায় ৬০ থেকে ৬৫ রুপি।

ব্যাংকের কাজ শুরুর আগে শাখার মেঝে ঝাড়ু দেওয়া, শৌচাগার ও আসবাবপত্র পরিষ্কার করাসহ বিভিন্ন দায়িত্ব পালন করতে হতো তাকে। সংসারের খরচ চালাতে এর পাশাপাশি একটি জুতার কারখানাতেও কাজ করতেন তিনি। এত ব্যস্ততার মধ্যেও পড়াশোনা আবার শুরু করার সিদ্ধান্ত নেন প্রতীক্ষা।

একদিন এক ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে অষ্টম, নবম ও দশম শ্রেণির পুরোনো পাঠ্যবই কেনেন তিনি। রাতে কেরোসিনের বাতির আলোয় পড়াশোনা করতেন। প্রথমবারেই দশম শ্রেণির পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। এরপর মুম্বাইয়ের ভিখরোলির একটি নৈশ কলেজে ভর্তি হন। সেখান থেকে দ্বাদশ শ্রেণি শেষ করে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পড়াশোনার পাশাপাশি এসবিআইয়ে তার কর্মজীবনেও উন্নতি হতে থাকে। ১৯৯০ সালে পরিচ্ছন্নতাকর্মী থেকে পদোন্নতি পেয়ে বার্তাবাহক হন তিনি। স্নাতক শেষ করার পর বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৫ সালে ক্লার্ক-কাম-ক্যাশিয়ার পদে যোগ দেন। এর মধ্যে ১৯৯৩ সালে প্রমোদ টেন্ডুলকারকে দ্বিতীয়বার বিয়ে করেন প্রতীক্ষা। তার স্বামী পড়াশোনা চালিয়ে যেতে এবং বিভাগীয় পরীক্ষায় অংশ নিতে উৎসাহ দিতেন। পরবর্তী সময়ে প্রতীক্ষা প্রশিক্ষণার্থী কর্মকর্তা হন এবং ধাপে ধাপে ব্যাংকের উচ্চতর পদে দায়িত্ব পান।

২০২২ সালের জুনে তিনি এসবিআইয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে নিয়োগ পান। এ ছাড়া ৫৫ বছর বয়সে প্রাকৃতিক চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনার দীর্ঘদিনের স্বপ্নও পূরণ করেন প্রতীক্ষা।

সুত্র: হিন্দুস্তান টাইমস