বিশ্ব ব্যর্থতা দিবস আজ
একই লক্ষ্যে লম্বা সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে সাফল্যের দেখা পাচ্ছেন না, একের পর এক চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছেন তবে বেকারত্বের ট্যাগ মুছতে পারছেন না! ধারাবাহিক ব্যর্থতায় পরিবারের কাছ থেকে কথা শুনে যাচ্ছেন; প্রিয়জনের ভরসা হারাচ্ছেন কিংবা মনে হচ্ছে সবশেষ— এই যদি হয় আপনার মনের অবস্থা তাহলে আজকের দিনটি আপনার জন্য। ব্যর্থতা কেবল নিজের দোষ বা কোনো কিছুর কমতি নয় বরং সাফল্য অর্জনের পথে একটি বড় একটি ধাপ— এই বোধটি জাগিয়ে তোলার জন্য প্রতিবছর ব্যর্থ হওয়া লোকদের জন্য একটি বিশেষ দিনকে উদ্যাপন করা হয়, যেটিকে বিশ্ব ব্যর্থতা দিবস বলা হয়।
পড়াশোনা, কর্মজীবন, ব্যবসা কিংবা ব্যক্তিগত সম্পর্ক—জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতার অভিজ্ঞতা হতে পারে। তবে সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে অনেকেই ব্যর্থতাকে অযোগ্যতা বা লজ্জার বিষয় মনে করেন। এতে নতুন কিছু করার সাহস হারিয়ে ফেলেন অনেকে। ব্যর্থতা দিবসের মূল উদ্দেশ্য হলো এই ধারণা বদলে ব্যর্থতাকে শেখা, অভিজ্ঞতা অর্জন ও নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ হিসেবে তুলে ধরা।
আন্তর্জাতিক ব্যর্থতা দিবসের যাত্রা শুরু হয় ২০১০ সালে ফিনল্যান্ডে। দেশটির একদল শিক্ষার্থী ব্যর্থতা নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা ভাঙতে এ উদ্যোগ নেন। তাঁদের উপলব্ধি ছিল, নতুন কিছু উদ্ভাবন কিংবা ভিন্ন পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ভুল হওয়ার আশঙ্কা থাকবেই। কিন্তু ব্যর্থতার ভয়ে চেষ্টা বন্ধ করে দিলে নতুন সম্ভাবনার পথও বন্ধ হয়ে যায়।
ফিনল্যান্ডে শুরু হওয়া এই উদ্যোগ পরে আন্তর্জাতিক পরিচিতি লাভ করে। বর্তমানে দিবসটি ব্যর্থতার অভিজ্ঞতা ভাগাভাগি করা, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং নতুন উদ্যোগ গ্রহণে মানুষকে উৎসাহিত করার উপলক্ষ হিসেবে পালিত হয়।
ব্যর্থতা দিবসের অন্যতম প্রধান বার্তা হলো, ব্যর্থতা মানেই সবকিছুর সমাপ্তি নয়; বরং এটি নতুন করে শুরু করার সুযোগ। প্রতিটি ভুল মানুষকে নিজের সীমাবদ্ধতা বুঝতে এবং কাজের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সাহায্য করে। কোনো উদ্যোগ প্রত্যাশিত ফল না দিলেও সেখান থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখতে পারে।
বিশ্বের অনেক সফল ব্যক্তির জীবনেও রয়েছে ব্যর্থতা ও প্রত্যাখ্যানের অভিজ্ঞতা। তাদের অনেকে ভুল থেকে শিক্ষা নিয়ে বারবার চেষ্টা করেছেন এবং একসময় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন। তাই সাফল্যের জন্য প্রতিভা ও সুযোগের পাশাপাশি প্রয়োজন ধৈর্য, আত্মবিশ্বাস এবং ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানোর মানসিকতা।
আন্তর্জাতিক ব্যর্থতা দিবস মনে করিয়ে দেয়, ব্যর্থ হওয়া মানেই হেরে যাওয়া নয়। নিজের ভুল স্বীকার করা, তা থেকে শিক্ষা নেওয়া এবং নতুনভাবে এগিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে রয়েছে উন্নতির সম্ভাবনা। ব্যর্থতাকে লজ্জা বা পরাজয় হিসেবে না দেখে শেখার স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করতে পারলেই সাফল্যের পথে এগিয়ে চলা সহজ হয়।