আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্কালোনি
আন্তর্জাতিক বিরতিতে ইউরোপে যখন বড় দলগুলোর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ চলছে, তখন আর্জেন্টিনাকে প্রায়ই দেখা যায় তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে। বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয়ের পরও তাই আর্জেন্টিনার প্রতিপক্ষ বাছাই নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সেই প্রশ্নের জবাব দিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচ লিওনেল স্কালোনি।
২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা ১৮টি প্রীতি ম্যাচ খেলেছে। এসব ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল পানামা, কুরাসাও, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, এল সালভাদর, কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা, ভেনেজুয়েলা, পুয়ের্তো রিকো, অ্যাঙ্গোলা, মৌরিতানিয়া, জাম্বিয়া, আইসল্যান্ড, বলিভিয়া ও সবশেষ বুরকিনা ফাসো।
প্রতিপক্ষের তালিকা দেখে অনেকের প্রশ্ন, কেন আর্জেন্টিনা নিয়মিত বড় দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছে না? স্কালোনি অবশ্য স্বীকার করেছেন, আরও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পারলে তার ভালো লাগত। তবে বর্তমান আন্তর্জাতিক সূচিতে এ ধরনের ম্যাচ আয়োজন করা কঠিন বলেও জানিয়েছেন তিনি।
স্কালোনি বলেন, ‘আমাদের কাছে খুব বেশি বিকল্প নেই। খালি থাকা দল খুব কম। বিষয় এমন নয় যে আমরা চাইলেই বেছে নিতে পারি; সবকিছুই ইতোমধ্যে নির্ধারিত হয়ে থাকে। অবশ্যই আমরা দেশের বাইরে খেলতে যাব। যৌক্তিকভাবেই আমি শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে চাইতাম, কিন্তু বেশি বিকল্প নেই।’
তবে শুধু প্রতিপক্ষের শক্তি দিয়ে একটি ম্যাচ কতটা কঠিন হবে, তা নির্ধারণ করা যায় না বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। তার মতে, অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে একটি দল।
স্কালোনি বলেন, ‘এই ধরণের শক্তিশালী দলগুলোর মুখোমুখি না হয়েই আমরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছি। বিশ্বকাপে আমরা সবচেয়ে বেশি যে ম্যাচে ভুগেছিলাম, সেটি ছিল তাত্ত্বিকভাবে অপেক্ষাকৃত দুর্বল এক দলের (কেপ ভার্দে) বিরুদ্ধে; সুতরাং এটি আপেক্ষিক বিষয়।’
বড় দলের বিপক্ষে না খেললেও এসব ম্যাচ থেকে আর্জেন্টিনা নিয়মিত কিছু না কিছু শিখছে বলে মনে করেন স্কালোনি। বিশেষ করে খেলোয়াড়েরা প্রতিপক্ষকে কীভাবে মূল্যায়ন করছে এবং ম্যাচকে কীভাবে নিচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
তিনি বলেন, ‘এসব ম্যাচ থেকেও আমরা সবসময় নতুন শিক্ষা নিই। খেলোয়াড়রা কীভাবে ম্যাচটিকে দেখছে তা লক্ষ্য করতে হবে। দলটিকে কোনোভাবেই সহজ মনে হয়নি এবং এসব ম্যাচে আমাদের হারানোর মতো অনেক কিছু থাকে।’
তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাই নিয়মিত তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে খেললেও স্কালোনির কাছে এসব ম্যাচ নিছক আনুষ্ঠানিকতা নয়। বরং আন্তর্জাতিক সূচির সীমাবদ্ধতার মধ্যেই দলকে প্রস্তুত রাখার সুযোগ হিসেবে দেখছেন তিনি।