২৪ জুলাই ২০২৬, ১৩:০৭

চেলসি ছেড়ে দিলেও আর্জেন্টাইন তারকা ফুটবলারকে লুফে নিল অ্যাস্টন ভিলা

গারনাচো   © সংগৃহীত

চেলসিতে নতুন কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় জায়গা না পাওয়ায় নতুন ঠিকানা খুঁজতে হয়েছে আর্জেন্টাইন তরুণ উইঙ্গার আলেহান্দ্রো গারনাচোকে। শেষ পর্যন্ত তাঁকে এক মৌসুমের জন্য ধারে দলে নিয়েছে অ্যাস্টন ভিলা। নতুন ক্লাবে পরিচিতি অনুষ্ঠানে আর্জেন্টিনার পতাকা কাঁধে জড়িয়ে নিজের দেশের প্রতি ভালোবাসার প্রকাশও করেছেন তিনি।

অ্যাস্টন ভিলায় যোগ দিয়ে প্রিমিয়ার লিগে নতুন করে নিজের ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ পেলেন ২২ বছর বয়সী গারনাচো। বুধবার তাঁর ধারের চুক্তি সম্পন্ন হয়। এরপর বৃহস্পতিবার নতুন খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় ইংলিশ ক্লাবটি।

চেলসির নতুন কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় জায়গা না হওয়ায় লন্ডন ছেড়ে অন্য ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নেন গারনাচো। তাঁকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল ইতালির ক্লাব রোমাও। সেখানে জাতীয় দলের সতীর্থ পাওলো দিবালা ও মাতিয়াস সোলের সঙ্গে খেলার সুযোগ ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত সেই আলোচনা এগোয়নি।

এই সুযোগে অ্যাস্টন ভিলা তাঁকে দলে ভেড়ায়। ক্লাবটিতে তিনি আবারও একসঙ্গে খেলবেন আর্জেন্টাইন সতীর্থ এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার সঙ্গে। জাতীয় দলে তাঁদের সঙ্গে আগেই খেলেছেন গারনাচো।

অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি গত ট্রান্সফার উইন্ডো থেকেই গারনাচোকে দলে নেওয়ার চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত নতুন মৌসুম শুরুর আগেই সেই লক্ষ্য পূরণ হয়েছে।

নতুন ক্লাবে যোগ দিয়ে গারনাচো বলেন, ‘এখানে আসার আগে আমি কোচের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন। আমি সত্যিই খুব খুশি এবং সমর্থকদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

পরিচিতি অনুষ্ঠানে নতুন জার্সি পরে ছবি তোলার পাশাপাশি আর্জেন্টিনার পতাকা হাতে নেন গারনাচো। পরে সেটি কাঁধেও জড়িয়ে নেন। তাঁর এই অঙ্গভঙ্গি স্পষ্ট করে দেয়, জাতীয় দল থেকে বাদ পড়ার হতাশা কিংবা ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ফাইনাল হারের কষ্ট থাকলেও আর্জেন্টিনার প্রতি তাঁর ভালোবাসা এতটুকু কমেনি।

অবশ্য এমন দৃশ্য নতুন নয়। এর আগেও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শিরোপা জয়ের পর উদ্‌যাপনের সময় আর্জেন্টিনার পতাকা কাঁধে জড়িয়ে নিজের দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন তিনি।

গারনাচো এক মৌসুমের জন্য ধারে অ্যাস্টন ভিলায় খেলবেন। চুক্তির নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে প্রায় ৫ কোটি ইউরোর বিনিময়ে তাঁকে স্থায়ীভাবে দলে নেওয়ার বাধ্যবাধকতাও থাকবে ক্লাবটির।

চেলসির হয়ে গারনাচো ৪৩টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ৮টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে আরও ৪টি গোল করিয়েছেন। ক্লাবটির বিশ্বাস, নিয়মিত খেলার সুযোগ ও প্রয়োজনীয় আস্থা পেলে গারনাচো যেকোনো দলের আক্রমণভাগে বড় পরিবর্তন এনে দিতে পারবেন।