আর্জেন্টিনাকে ফিফা সভাপতির চিঠি
২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হলেও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি দিয়েছে ফিফা। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের কয়েকদিন পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার কাছে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছেন। সেখানে তিনি পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার দারুণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন এবং দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন।
সম্প্রতি এএফএ চিঠিটি প্রকাশ করেছে। বিশ্বকাপ ফাইনালের স্মৃতি তুলে ধরে ইনফান্তিনো লিখেছেন, ‘গতকাল, ২০২৬ সালের ১৯ জুলাই, নিউইয়র্ক–নিউ জার্সির দৃষ্টিনন্দন স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনাল শেষে আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের রৌপ্যপদক জিতেছে।’
এরপরই আর্জেন্টিনা ফুটবলের এই অর্জনের জন্য অভিনন্দন জানান ফিফা সভাপতি। তিনি লেখেন, ‘আর্জেন্টাইন ফুটবলের জন্য এই গুরুত্বপূর্ণ অর্জনে আমি আবারও আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই।’ টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়াকেও তিনি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।
চিঠিতে উত্তর আমেরিকার তিনটি দেশে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপেরও ভূয়সী প্রশংসা করেছেন ইনফান্তিনো। তিনি লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের এক অবিস্মরণীয় উৎসব হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভার আবির্ভাব, বিশ্বের সেরা তারকাদের উপস্থিতি এবং দর্শকে পূর্ণ স্টেডিয়ামের অসাধারণ পরিবেশ এই আসরকে বিশেষ করে তুলেছে।’
বিশ্বকাপকে সফল করে তুলতে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেছেন তিনি। ইনফান্তিনো লিখেছেন, ‘আলবিসেলেস্তেদের অসাধারণ পারফরম্যান্স এই বিশ্বকাপকে ব্যতিক্রমী এক আসরে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের খেলা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে।’
এই স্বীকৃতি শুধু খেলোয়াড়দের জন্য নয়, দলের সঙ্গে জড়িত সবার প্রাপ্য বলেও মনে করেন ফিফা সভাপতি। তাই চিঠিতে তিনি লিখেছেন, ‘এই অসাধারণ সাফল্যে যারা অবদান রেখেছেন, তাঁদের প্রত্যেককে আমার অভিনন্দন জানাবেন। খেলোয়াড়, প্রধান কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ, চিকিৎসক দল এবং পুরো টুর্নামেন্টজুড়ে দলকে সমর্থন দেওয়া অসংখ্য সমর্থক—সবাই এই স্বীকৃতির দাবিদার।’
যদিও আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি, তবুও পুরো টুর্নামেন্টে দলটির পারফরম্যান্স ছিল দুর্দান্ত। গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে শেষ করে আর্জেন্টিনা। সেই পর্বে লিওনেল মেসি মাত্র তিন ম্যাচে ছয়টি গোল করেন। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে থেকেও যোগ করা সময়ে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নেয় দলটি। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা।
এই সাফল্যের পেছনের কারণও ব্যাখ্যা করেছেন ইনফান্তিনো। তিনি লিখেছেন, ‘এ ধরনের জয় সবসময় ধারাবাহিক পরিশ্রম, পেশাদারিত্ব, প্রতিটি খুঁটিনাটির প্রতি মনোযোগ, আবেগ, প্রতিশ্রুতি এবং এই সুন্দর খেলাটির প্রতি ভালোবাসার ফল।’
চিঠির শেষ অংশে আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ফিফা সভাপতি। তিনি লেখেন, ‘এসব অর্জন প্রমাণ করে যে আর্জেন্টাইন ফুটবলের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। নিঃসন্দেহে এটি ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে।’
সবশেষে ক্লদিও তাপিয়ার উদ্দেশে ব্যক্তিগত শুভকামনা জানিয়ে ইনফান্তিনো লেখেন, ‘প্রিয় সভাপতি, আগামী প্রতিযোগিতাগুলোর জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি খুব শিগগিরই আবার আপনার সঙ্গে দেখা হবে।’