ঝর্ণায় নেমে বান্দরবান ক্যান্টনমেন্ট পড়ুয়া ছেলের মৃত্যু, বাবা বললেন— ‘ছেলের লাশ কাঁধে, আমি এক হতভাগ্য বাবা’
বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝর্ণায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর তাহমিদুল কবির মিসকাত (১৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরে রাত সাড়ে ৯টার দিকে নিজ গ্রাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের শাহ মোহছেন আউলিয়া মাজারের মাঠে মিসকাতের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে কান্না করতে করতে তার বাবা মামুনুল কবির বলেন, ‘আমি নিজে ঝরনায় নেমে ছেলের লাশ তুলে এনেছি। আমারই ছেলের লাশ আমাকে কাঁধে নিতে হলো, আমি এমনই এক হতভাগ্য বাবা’।
মামুনুল কবির আরও বলেন, ‘আমার ছোট্ট নিষ্পাপ ছেলে। বন্ধুদের সঙ্গে ঝরনা দেখতে গিয়ে সে আর ফিরে এল না। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পেয়েছি। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন।’
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাহমিদুলের মরদেহ দাফন করা হয়। পরে মিসকাতের কবরে ফুল দেন তারই শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক। মিসকাতের জন্য দোয়া করে মোনাজাত পরিচালনা করা হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির ৫-৬ জন শিক্ষার্থী শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে ঘুরতে যায়। পরে তারা পাশের একটি ঝর্ণায় একসঙ্গে গোসল করতে নামে। গোসল শেষে অন্যরা ঝর্ণা থেকে উঠে এলেও মিসকাত আর ফিরে আসেনি।
পরে বন্ধুরা আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘসময় চেষ্টা চালিয়েও ওইদিন তাকে খুঁজে পাওয়া যায়নি।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বুধবার বিকেল ৪টার দিকে নিখোঁজের খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দীর্ঘক্ষণ অভিযান চালিয়েও শিক্ষার্থীর সন্ধান মেলেনি। পরদিন বৃহস্পতিবার সকালে ঝর্ণায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করে পুলিশকে খবর দেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, বৃগস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে শৈলপ্রপাতের ঝরনার নিচের একটি খুম থেকে মিসকাতের লাশ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।