২০ নভেম্বর ২০২৬, ০৮:৩১

বাইক শোডাউন করবে এসএসসি পরীক্ষার্থীরা, জানতে পেরে কড়া সতর্কতা সরকারি স্কুলের

গভঃ ল্যাবরেটরী হাইস্কুল, রাজশাহী  © টিডিসি সম্পাদিত

রাজশাহীতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের শোডাউন না করার নির্দেশ দিয়েছে গভঃ ল্যাবরেটরী হাইস্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমোদন না থাকায় শিক্ষার্থীদের এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. শাহনাজ বেগম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজপাড়া থানা থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পেরেছে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীরা স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে আগামীকাল শুক্রবার শোডাউন করার অনুমতি চেয়েছে। তবে এ শোডাউনের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অনুমতি নেই।

এ অবস্থায় বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে যেকোনো ধরনের শোডাউন করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিশ্চিত করতে শিক্ষার্থীদের অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।