স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘পরীক্ষায় ফেল করায় হতাশায় ভুগছিল’
কক্সবাজারের উখিয়ায় জুই বড়ুয়া (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, এসএসসি পরীক্ষার টেস্টে অকৃতকার্য হওয়ার পর থেকে হতাশায় ভুগছিল সে। গতকাল রবিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের আমতলী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুই বড়ুয়া ওই এলাকার বাসিন্দা সংকর বড়ুয়ার মেয়ে। সে স্থানীয় ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে আমতলী এলাকায় বসবাস করত জুই। সম্প্রতি এসএসসি পরীক্ষার টেস্টে অকৃতকার্য হওয়ার পর থেকে সে মানসিকভাবে হতাশায় ভুগছিল বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে পরীক্ষার ফলাফলের সঙ্গে তার মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিজ বসতঘরের কাঠের পাল্লার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জুইয়ের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা মরদেহ উদ্ধার করেন। ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।