১৩ নভেম্বর ২০২৬, ২২:০৬

শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপ ‘এক্সাম হিরো’র উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।  © টিডিসি ফটো

শেরপুরের শ্রীবরদীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ‘এক্সাম হিরো’ লার্ন অ্যান্ড গ্রো (‘Exam Hero Learn & Grow’) নামের একটি নতুন শিক্ষাবিষয়ক অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শ্রীবরদী উপজেলা পরিষদ হলরুমে ‘এক্সাম হিরো’ লার্ন অ্যান্ড গ্রো’-এর আয়োজনে এই সংবর্ধনা ও উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যারিস্টার শাহাদাত হোসেন। এ সময় শিক্ষাবিষয়ক অ্যাপটির বিভিন্ন কার্যকারিতা ও দিক তুলে ধরে বিস্তারিত বক্তব্য দেন অ্যাপটির ডেভেলপার হৃদয় হাসান।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ, বিএনপি নেতা মো. দুলাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন দুলাল, ছাত্রদল নেতা রোকনুজ্জামান রোকন এবং জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাত।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মী এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।