বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; তদন্ত কমিটি গঠন
পটুয়াখালীর গলাচিপায় পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ ক্লাসের নামে কোচিং করানো, শিক্ষার্থীদের এতে অংশ নিতে চাপ দেওয়া এবং প্রাইভেট না পড়ায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিরবকে মারধরের অভিযোগ করেছেন তার পরিবার। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
একই শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন এবং বিশেষ ক্লাসে অংশ না নিলে খারাপ আচরণের অভিযোগও উঠেছে। অন্যদিকে, বিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি মেনে পাঠদান পরিচালনা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। ঘটনা তদন্তে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
এর আগে গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের সপ্তম শ্রেণিকক্ষে নিরবকে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। নিরব উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামমর্দ্দন এলাকার জাকির হোসেনের ছেলে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর পর্যন্ত সে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। চিকিৎসকেরা তাকে সিটি স্ক্যান করানোর পরামর্শ দিলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যায় পরিবার।
নিরব ও তার পরিবারের অভিযোগ, আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষক ইকবাল হোসেনের কাছে প্রাইভেট পড়া বন্ধ করার পর থেকেই তাকে বিভিন্ন অজুহাতে মারধর করা হচ্ছে। এর আগেও একই কারণে দুই দফায় তাকে মারধর করা হয়েছিল। একবার ২৬টি এবং আরেকবার ৩২টি বেত্রাঘাত করা হয় বলে দাবি নিরবের।
নিরব জানায়, এক মাস ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়েছিল সে। পরে পরিবারের আর্থিক সমস্যার কারণে পড়া বন্ধ করে দেয়। এরপর বিভিন্ন সময় শিক্ষক আবারও প্রাইভেট পড়তে বলেন। কিন্তু পড়তে না যাওয়ায় আগেও তাকে মারধর করা হয়েছে। সর্বশেষ সোমবার শ্রেণিকক্ষে পেছনের বেঞ্চে বসা এক শিক্ষার্থীর দুষ্টুমির অভিযোগে তাকে স্কেল দিয়ে ১০টি আঘাত করেন শিক্ষক। একপর্যায়ে ঘাড়ের পাশেও থাপ্পড় মারেন।
নিবিরের বাবা জাকির হোসেন বলেন, ‘আমার সন্দেহ, ছেলেকে প্রাইভেট পড়ানোর জন্য বলেছিলেন শিক্ষক। কিন্তু আর্থিক সমস্যার কারণে পড়াতে না পারায় আমার ছেলেকে মারধর ও বারবার এমন আচরণ করছেন ওই শিক্ষক।’
একই শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিমসহ একাধিক শিক্ষার্থী জানায়, ওই দিন ক্লাস চলাকালে এক সহপাঠীর কলমের ক্লিপ নিচে পড়ে যায়। সেটি ওঠাতে গিয়ে শিক্ষকের নজরে পড়লে তিনি ক্ষিপ্ত হয়ে কয়েকজন শিক্ষার্থীকে ১০ থেকে ১৫টি করে আঘাত করেন। ব্ল্যাকবোর্ডে প্যারাগ্রাফ লেখার সময় ভুল, পড়াশোনায় দুর্বলতা কিংবা হাতের লেখা খারাপ হওয়ার মতো কারণেও শিক্ষার্থীদের চড়-থাপ্পড় ও শারীরিক শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ তাদের।
শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত ক্লাসের পাশাপাশি বিশেষ ক্লাসে অংশ নিতে তাদের চাপ দেওয়া হয়। বিশেষ ক্লাসে অনুপস্থিত থাকলে কিংবা অংশ না নিলে শিক্ষকদের কাছ থেকে খারাপ আচরণের শিকার হতে হয়। শিক্ষার্থীদের বলেন, শিক্ষকেরা বলেন, ‘তোমরা বাড়িতে কীভাবে পড়ো, পাস করতে পারবে না। স্কুলে পড়লে একটু ভালো হয়।’
শিক্ষার্থীদের দাবি, আর্থিক অসচ্ছলতা কিংবা অন্য কারণে যারা বিশেষ ক্লাসে অংশ নিতে পারে না, তাদেরই বেশি হয়রানি করা হয়। কয়েকজন শিক্ষার্থী জানায়, ক্লাসের সময় ছেলে ও মেয়েদের বেঞ্চের নিচে মাথা ঢুকিয়ে বেত্রাঘাত এবং স্কেল দিয়ে মারধর করা হয়। কখনো একটানা ২০ থেকে ২৫টি আঘাতও করা হয়। পড়া না পারা, বিশেষ ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা হাতের লেখা একটু বাঁকা হওয়ার মতো কারণেও শিক্ষার্থীদের গায়ে হাত তোলার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানিয়েও প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি শিক্ষার্থীদের। বরং অভিযোগ জানানোর পর শিক্ষকদের পক্ষ নিয়ে তাচ্ছিল্যপূর্ণ কথা বলা হয়েছে বলেও অভিযোগ তাদের।
বিদ্যালয়ে অভিভাবকদের অভিযোগ, সরকার নির্ধারিত সময়সূচি অনুসরণ না করে প্রধান শিক্ষক নিজস্ব নিয়মে প্রতিদিন বেলা ৩টা ১০ মিনিটে বিদ্যালয় ছুটি দেন। এরপর শুরু হয় বিশেষ ক্লাস। অভিযোগ রয়েছে, নিয়মিত ক্লাসের নির্ধারিত সময়ের আগেও এবং সরকারি সময়ের মধ্যেও বিশেষ ক্লাসের নামে পাঠদান ও অর্থ আদায়ের কার্যক্রম চলে। সরকারি নির্দেশনা বিকাল ৫টা পর্যন্ত ক্লাস করানোর কথা থাকলেও বিশেষ ক্লাসের সুবিধার জন্য রুটিন তৈরি করেছেন তারা। আর এভাবে শ্রেণি কক্ষের পড়ায় গুরুত্ব না দিয়ে বিশেষ ক্লাসে কিংবা প্রাইভেট বাণিজ্য ঝুঁকে পড়ছে শিক্ষকরা।
তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে বিশেষ ক্লাসের নামে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের কার্যকর নজরদারি নেই। গ্রামের অসচ্ছল ও দিনমজুর পরিবারের শিক্ষার্থীদের কাছ থেকেও এ ক্লাসের জন্য অর্থ নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তাদের তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিভাবকেরা।
অভিযুক্ত শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, ‘আমরা যখন শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তখন একটু ভুল-ভ্রান্তি হতে পারে। আমি কোনো প্রাইভেট পড়াই না। প্রধান শিক্ষকের নির্দেশে বিশেষ ক্লাস নিই। আমার মধ্যে কোনো ধরনের উগ্রতা নেই এ কথা সত্য নয়। হেডমাস্টার এ ধরনের কথা বলতে পারেন না।’
বিশেষ ক্লাসের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন বলেন, ‘ক্লাস টাইমের আগে তিন ঘণ্টা ও পরে এক ঘণ্টা এই চার ঘণ্টা বিশেষ ক্লাস করাই। সরকার নির্ধারিত হারে ১৫০ টাকা ঘন্টা এবং ১৫ জন ক্লাসে থাকলে প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার টাকা ও ২০ জন ক্লাসে থাকলে ৭০০ টাকা আদায় করেন।
তিনি জানান, তার প্রতিষ্ঠানে বিশেষ ক্লাস বাদে প্রাইভেট পড়ানো বিষয় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি বলেন গলাচিপা শহরে শিক্ষকদের রমরমা প্রাইভেট বাণিজ্য চলছে, আর নিঃস্ব হচ্ছে গ্রামের প্রতিষ্ঠান। এসব কারণে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ ও পরীক্ষার হলে দ্বায়িত্ব পায় না অনেক শিক্ষক।
নিহার রঞ্জন আরও বলেন, ‘মাঝেমধ্যে তার উগ্র আচরণের কিছুটা পরিচয় পাওয়া যায়। বিগত দুই-তিন বছর ধরে লক্ষ্য করছি, বিভিন্ন লোক তাকে টাকা-পয়সা ধার দিয়ে বারবার তাগাদা দেন। এমনকি তার পাওনাদারেরা প্রতিদিন এক-দুজন আমার কাছেও এসে তাগাদা দেন। এ কারণে তিনি কিছুটা ব্যস্ত থাকেন কিংবা মানসিকভাবে কথাবার্তায় ব্যতিক্রম আচরণ করেন। এ বিষয়ে তাকে বলেছি, মানুষের কাছ থেকে টাকা নিয়ে এভাবে ঝামেলা না করতে। প্রয়োজনে জায়গা-সম্পত্তি বিক্রি করে হলেও পাওনা টাকা পরিশোধ করতে তাকে নির্দেশনা দিয়েছি।’
শিক্ষার্থীকে মারধরের বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। পড়া না পারা বা দুষ্টুমির কারণে এমন হয়েছে, তা তারা বলছে না; তাদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই তাকে মারধর করা হয়েছে। এর আগেও তাকে মারা হয়েছে।’ তিনি জানান, অভিযোগের ব্যাপারে সভা করে রেজুলেশনের মাধ্যমে অভিযোগ তদন্তে শিক্ষক, কর্মচারী সমন্বয়ে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন এবং ৩ কার্যদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া অভিযুক্ত শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এদিকে অভিযোগ আমলে নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ৩ সদস্যের কমিটি গঠন এবং ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল কালাম সাঈদকে। কমিটির সদস্যরা হলেন পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খালিদ হোসেনকে।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীর অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তাদের নজরে এসেছে। অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে দেয়া হয়েছে প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান তিনি।