১৩ অক্টোবর ২০২৬, ২০:০২

স্কুলে ভর্তি, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা

প্রতীকী ছবি  © এআই জেনারেটেড

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার কথা বলা হয়েছে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানানো হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত নীতিমালা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নীতিমালায় বলা হয়েছে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করার পাশাপাশি শূন্য আসনের সমান সংখ্যক অপেক্ষমান তালিকাও প্রস্তুত রাখতে হবে। ভর্তি কমিটি কর্তৃক নির্ধারিত তারিখে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমান তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নীতিমালা অনুযায়ী,  দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য মোট ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তির পরীক্ষা হবে ১০০ নম্বরে। এতে বাংলা ও ইংরেজিতে ৩০ নম্বর করে এবং গণিতে ৪০ নম্বর বরাদ্দ থাকবে। এ পরীক্ষার সময় দুই ঘণ্টা। 

 প্রশ্নপত্র প্রণয়ন প্রসঙ্গে নীতিমালায় বলা হয়,  ভর্তি কমিটি যথাসময়ে ২য় - ৯ম শ্রেণির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের ব্যবস্থা গ্রহণ করবে। প্রশ্নপত্র অবশ্যই মানসম্মত ও শ্রেণি উপযোগী হতে হবে এবং এনসিটিবির সংশ্লিষ্ট শ্রেণির পাঠ্যবই হতে প্রণয়ন করতে হবে। প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা বিধান সুনিশ্চিত করতে হবে।

নীতিমালায় বলা হয়, ২য় থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়গুলোর অবস্থান, শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা বিবেচনা করে ভর্তি কমিটি বিদ্যালয়গুলোকে বিভিন্ন ক্লাস্টারে বিভক্ত করতে পারবে। শিক্ষার্থী প্রতি ক্লাস্টারের যে কোন ১টি বিদ্যালয়ে আবেদন করতে পারবে।

এতে আরও বলা হয়, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠান প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানে শূন্য আসনের সংখ্যা উল্লেখপূর্বক ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করবেন। ভর্তি কমিটি জাতীয়/স্থানীয় পত্রিকায়/ওয়েবসাইট ইত্যাদিতে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেবে। 

নীতিমালা দেখুন এখানে