০৫ অক্টোবর ২০২৬, ১৮:৫৭
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় আবু সাঈদ নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হলে পরবর্তীতে তিনি মৃত্যু বরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার থানার ওসি শাহীন রেজা।
নিহত শিক্ষক মো. আবু সাঈদ উপজেলার আইহাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সীমান্তবর্তী ঝাড়পুকুর নওপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে ব্যক্তিগত কাজে শিক্ষক আবু সাঈদ খঞ্জনপুর থেকে সাপাহার যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে পথিমধ্যে তার মৃত্যু হয়।