১১ আগস্ট ২০২৬, ১৮:০২

ডেঙ্গুতে মাইলস্টোন স্কুলের শিক্ষিকা ঐশী মারা গেছেন

স্কুল শিক্ষিকা মাকামাম মাহমুদা ঐশী  © সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাকামাম মাহমুদা ঐশী। গত শুক্রবার সকালে  (০৭ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে স্কুল কর্তৃপক্ষ।

জানা গেছে,  ফুসফুসসহ তিনি আরও নানা রোগে রোগে ভুগছিলেন। ঐশীর মৃত্যুতে মাইলস্টোন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৬ জন। 

বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৬ জন, খুলনা বিভাগে ২৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, রংপুর বিভাগে ১৭জন এবং সিলেট বিভাগে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮২৭ জন। এর মধ্যে ৬১ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৩ শতাংশ নারী রয়েছেন।