উপজেলাটির সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়েছে।
গত ২৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ এ নির্দেশনা জারি করেন। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী করে তুলতে এবং শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন ইউএনও রুম্পা ঘোষ।
নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি উদ্বেগজনক হারে বাড়ছে, যা তাদের পড়াশোনার পরিবেশ ও মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলছে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনের স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা প্রয়োজন। একই সঙ্গে শ্রেণিকক্ষে শিক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করলে পাঠদানে বিঘ্ন ঘটে এবং শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়।
এ অবস্থায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ এবং ক্লাস চলাকালে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখার জন্য প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।