ট্যালেন্টপুল বৃত্তি পেলেন যমজ তিন বোন
গতকাল (১২ জুলাই) প্রকাশিত হয়েছে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। এবারের ফলাফলে তাক লাগিয়ে দিয়েছেন যমজ তিন বোন। তারা তিনজনই অর্জন করেছে ট্যালেন্টপুল বৃত্তি। এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জেলাজুড়ে সৃষ্টি হয়েছে আনন্দের পরিবেশ।
মেধাবী তিন শিক্ষার্থী হলেন তাহিয়া রহমান, তাকিয়া রহমান ও তাবিয়া রহমান। তারা কুড়িগ্রাম জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক এবং শাহিনা আকতারের সন্তান। কুড়িগ্রাম পৌর শহরের টেক্সটাইল মোড় এলাকায় পরিবারের সঙ্গে বাস করেন এই তিন বোন।
বৃত্তি পরীক্ষায় তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে অংশ নেয়। অন্যদিকে তাবিয়া অংশ নেয় অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলে একই শ্রেণিতে অধ্যয়ন করছে।
তিন বোন গণমাধ্যমকে জানায়, ছোটবেলা থেকেই বাবা-মা তাদের নিয়মিত পড়াশোনায় উৎসাহ দিয়েছেন। শিক্ষকদের দিকনির্দেশনা, পারিবারিক সহযোগিতা এবং নিজেদের পরিশ্রমের সমন্বয়েই তারা এ সাফল্য অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে আন্তরিকভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা সবার দোয়া কামনা করেছে।
তাদের বাবা অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক বলেন, তিন মেয়ের একসঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া তার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। এ অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তানের সাফল্যের পেছনে তাদের মা শাহিনা আকতারের নিবেদিত যত্ন, ধৈর্য ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন।
কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. গোলেনুর বেগম বলেন, এই সাফল্য বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। একই পরিবারের তিন বোনের এমন কৃতিত্ব অন্য শিক্ষার্থীদেরও আরও মনোযোগী ও পরিশ্রমী হতে অনুপ্রাণিত করবে।
একসঙ্গে তিন যমজ বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের ঘটনা কেবল তাদের পরিবারের নয়, কুড়িগ্রাম জেলার জন্যও একটি গর্বের অর্জন। শিক্ষা, অধ্যবসায় ও পারিবারিক সহযোগিতার সমন্বয়ে সাফল্য অর্জনের উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে তাদের এই কৃতিত্ব।