০৭ জুলাই ২০২৬, ১৬:১৪

পরীক্ষায় বেশি নম্বর চেয়ে উত্তরপত্রে শিক্ষককে বাবা ডাকল শিক্ষার্থী

শিক্ষককে বাবা সম্বোধন করে আবেদন শিক্ষার্থীর  © সংগৃহীত

পরীক্ষার উত্তরপত্রে বেশি নম্বর পাওয়ার আশায় শিক্ষককে বাবা সম্বোধন করে আবেদন লিখেছেন সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। উত্তরপত্রটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয় শিক্ষাব্যবস্থার মান নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।

জানা গেছে, ঘটনাটি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি উচ্চ বিদ্যালয়ের। বিদ্যালয়টির এক শিক্ষক নিজের ফেসবুক আইডিতে শিক্ষার্থীর ওই উত্তরপত্রের ছবি প্রকাশ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া পোস্টে তিনি লেখেন, আমার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর অবস্থা দেখুন। পোস্টে প্রকাশিত উত্তরপত্রের ছবিতে দেখা যায়, প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার পরিবর্তে শিক্ষার্থী অসংলগ্ন ও ভুল বানানে বিভিন্ন বাক্য লিখেছে। এক পর্যায়ে নম্বর পাওয়ার আশায় শিক্ষককে ‘বাবা’ সম্বোধন করে নম্বর দেওয়ার অনুরোধও জানায়।

এ বিষয়ে বিদ্যালয়ের ওই শিক্ষক বলেন, উত্তরপত্রটি শিক্ষার বর্তমান বাস্তবতা তুলে ধরার উদ্দেশ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছি। কাউকে হেয় করা আমার উদ্দেশ্য ছিল না। শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ ন ম হাসান বলেন, একটি উত্তরপত্র দেখে পুরো শিক্ষাব্যবস্থার মূল্যায়ন করা ঠিক হবে না। তবে এমন ঘটনা উদ্বেগের বিষয়। শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বাড়াতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।