২৩ জুন ২০২৬, ১৬:৫৭

স্কুলের টিউবয়েলের পানিতে বিষক্রিয়া, হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী  © টিডিসি সম্পাদিত

টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের একটি টিউবওয়েল থেকে পানি পান করার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে শুরু করে। তাদের মধ্যে মাথা ঘোরা, বমি বমি ভাব, পেটব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে একে একে আরও শিক্ষার্থীর মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দিলে বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

খবর পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ধারণা করা হচ্ছে টিউবওয়েলের পানিতে বিষ জাতীয় কিছু মেশানো হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, সকাল সোয়া ১০টার পর যখন শিক্ষার্থীরা ক্লাসে যাচ্ছিল তখন অনেকেই বমি করতে থাকে। পরে ৩২ জনকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি। 

তিনি আরও বলেন, টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে ভরা সাদা পেস্টের মতো ক্রীম উদ্ধার করা হয়েছে। আমার ধারণা, এই পেস্ট টিউবওয়েলের পানির মধ্যে মেশার কারণে পানিতে বিষক্রিয়া হয়েছে।  

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, অসুস্থ শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে এবং পানির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। ঘটনার পর বিদ্যালয়ের ওই টিউবওয়েলের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।