২১ জুন ২০২৬, ২২:৫৬

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

স্কুলছাত্রী মারিয়া  © ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইরে মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আজ রবিবার (২১ জুন) বিকেল ৫টার দিকে জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকায় একটি কবরস্থান-সংলগ্ন বাঁশ ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মারিয়া সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে শায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন চলাকালে একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী আলিফের সঙ্গে মারিয়ার আপত্তিকর অবস্থা বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে বলে অভিযোগ ওঠে। পরে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নেওয়ার পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষ উভয় শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেন।

এরপর মারিয়া বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

আজ বিকেলে চন্দননগর এলাকার একটি ঝোপে মারিয়ার খণ্ড-বিখণ্ড মরদেহ এবং তার স্কুলব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আলিফকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।