বদলি নীতিমালায় কর্মচারীদের অন্তর্ভুক্ত না করায় মামলার প্রস্তুতি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালায় কর্মচারীদের অন্তর্ভুক্ত না করায় মামলার প্রস্তুতি নিচ্ছেন কর্মচারীরা বলে জানিয়েছেন এমপিওভুক্ত কর্মচারী ঐক্যজোটের সভাপতি রাসেল মন্ডল।
রবিবার (২১ জুন) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। রাসেল মন্ডল বলেন, ‘আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বদলি নীতিমালা থেকে কর্মচারীদের বাইরে রাখা হয়েছে। যা আদালত অবমাননার শামিল। আদালত অবমাননা হলে মামলা হবে। বিষয়টি নিয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে বদলি নীতিমালায় কর্মচারীদের অন্তর্ভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব বরাবর আবেদন করেছে এমপিওভুক্ত কর্মচারী ঐক্যজোট। জোটের সভাপতি রাসেল মন্ডল এ সংক্রান্ত আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়েছে, বদলি নীতিমালায় কর্মচারীদের অন্তর্ভুক্ত না করে তাদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। ২০২৪ সালের ২৯ এপ্রিল হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক এর কোর্টে আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া সহ অপরাপর বিজ্ঞ আইনজীবীগন শুনানি করলে আদালত বাংলাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি কর্মচারীদের বদলির আদেশ দিয়ে মামলাটি নিষ্পত্তি করেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় উক্ত আদেশ না মেনে বদলি নীতিমালা প্রনয়ণ করে যা আদালত অবমাননার শামিল।
এতে আরও বলা হয়, মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী কর্মচারীদের বদলি নীতিমালায় অন্তর্ভুক্ত করে পূর্বের নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা জারির আহবান জানান কর্মচারীরা।