সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদ ধসে দপ্তরি আহত, বন্ধ পাঠদান
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ বছরের পুরোনো জরাজীর্ণ ভবনের ছাদ থেকে ইট ও রাবিশ খসে পড়ে বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী প্রকাশ দাশ আহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষে অবস্থানকালে হঠাৎ ছাদের একটি অংশ ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হন।
এ ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে পাঠদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের পাশের দুটি ছোট কক্ষে সীমিত পরিসরে পাঠদান কার্যক্রম চলছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর আগে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষকরা।
বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল আলম খান বলেন, ‘ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শনিবার হঠাৎ ছাদের অংশ ধসে পড়ে আমাদের দপ্তরি প্রকাশ দাশ আহত হয়েছেন।’
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি দুঃখজনক। আমি ঘটনার খোঁজখবর নিচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’