নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল?
আম গাছে উঠে একজন শিক্ষক মোবাইল নেটওয়ার্ক খুঁজছেন- এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে যে ব্যক্তিকে গাছে উঠে মোবাইল হাতে নেটওয়ার্ক খুঁজতে দেখা গেছে, তিনি রাঙামাটি জেলার সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিবিসি বাংলাকে ওই শিক্ষক জানিয়েছেন, ইন্টারনেট নেটওয়ার্ক না পেয়ে অনলাইনে শিক্ষক হাজিরা নিশ্চিত করতেই নিরুপায় হয়ে গাছে উঠেছিলেন তিনি।
দেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে সময় মতো শিক্ষকরা উপস্থিত হচ্ছেন কি না এবং শ্রেণি পাঠদানে অংশ নিচ্ছেন কি না, এই বিষয়টি নিশ্চিত হতে সম্প্রতি একটি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
যেখানে অনলাইনে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শিক্ষকদের হাজিরা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, শিক্ষার্থীদের ক্লাসরুমে লেখাপড়া নিশ্চিত করতেই সরকারের ১৮০ দিনের পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৫ই জুন (সোমবার) থেকে শুরু হওয়া এই কার্যক্রমের প্রথম দিনেই সারাদেশে প্রায় ২৫ হাজার শিক্ষক নির্দিষ্ট সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকদের অনুপস্থিতি নিয়ে নানা অভিযোগ পাওয়ায় হাজিরার বিষয়টি মনিটরিংয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।