চিরকুটে বিদেশ যাওয়ার ইঙ্গিত দিয়ে ৮ হাজার টাকা নিয়ে লাপাত্তা স্কুলছাত্র
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ইসলামাবাদ গ্রামে লিখন মজুমদার পবন (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পর থেকে তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
নিখোঁজ লিখন মজুমদার পবন দক্ষিণ ইসলামাবাদ গ্রামের রামপ্রসাদ মজুমদারের ছেলে এবং স্থানীয় ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় তার মা অঞ্জনা রানী মতলব উত্তর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে বের হওয়ার আগে লিখন একটি হাতে লেখা চিরকুট রেখে যায়। সেখানে সে লিখেছে, আমি প্রতিষ্ঠিত হবো, আমি এতিম এবং পরিবারের উদ্দেশ্যে বিদায় বার্তাও দেয়। চিরকুটে বিদেশ যাওয়ার ইঙ্গিতসহ কিছু আবেগঘন কথাও উল্লেখ ছিল, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার। সেখানে ৮ হাজার টাকা সঙ্গে নিয়ে যাওয়ার কথা লিখে সে।
লিখনের বড় ভাই আপন জানান, আমার ছোট ভাই লিখন মজুমদার পবনের কারও সঙ্গে কোনও রাগ বা অভিমান ছিল না। পড়াশোনার জন্যও তার ওপর কোনও বাড়তি চাপ ছিল না। আমাদের পরিবারেও কোনও ঝামেলা নেই। হঠাৎ করেই ওর বাড়ি থেকে চলে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের ও রহস্যজনক।
তিনি আরও বলেন, আমরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। পরে সোমবার বিকেলে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছি। কেউ যদি আমার ছোট ভাইয়ের সন্ধান পান, তাহলে আমাদের জানাবেন।
পরিবারের সদস্যরা জানান, লিখনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদি কোনও সহৃদয় ব্যক্তি লিখন মজুমদার পবনের সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত মতলব উত্তর থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান জানান, জিডির সূত্র ধরে তারা লিখনের সন্ধানে তৎপরতা চালাচ্ছেন।