১১ মে ২০২৬, ২০:২৫

নরসিংদী ঘুরতে এসে নিখোঁজ বি এফ শাহীন কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

মাহির শাহরিয়ার  © টিডিসি সম্পাদিত

ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে নরসিংদীতে ঘুরতে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বি এফ শাহীন কলেজের শিক্ষার্থী মাহির শাহরিয়ারের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা গেছে, প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর সঙ্গে ট্রেনে করে নরসিংদীতে আসে মাহির শাহরিয়ার। পরে তারা নাগরিয়াকান্দী এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে মাহির পানিতে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও নরসিংদী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। পরে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ডুবুরি দলের লিডার মোতালেব হোসেনের নেতৃত্বে ডুবুরি ইউসুফ, সম্রাট ও মাসুদ প্রায় ৩০ মিনিট তল্লাশি চালিয়ে নদী থেকে মাহিরের মরদেহ উদ্ধার করেন।

বি এফ শাহীন কলেজের পরিচয়পত্র সূত্রে জানা যায়, মাহির একাদশ বা দ্বাদশ শ্রেণির বাংলা ভার্সনের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিল। সে ঢাকার মিরপুর কাজীপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে।

নরসিংদী ফায়ার সার্ভিসের লিডার মো. হানিফ জানান, দুপুরের দিকে খবর পাওয়া যায়, নাগরিয়াকান্দী এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি চালিয়েও তাকে পাওয়া না গেলে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।