বিনামূল্যে শিক্ষার মেয়াদে গোটা বিশ্বে সবার নিচে বাংলাদেশ
প্রাথমিক ও মাধ্যমিকে বিনামূল্যে শিক্ষার মেয়াদে বিশ্বে সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ। ইউনেস্কো প্রকাশিত ‘ওয়ার্ল্ড এডুকেশন স্ট্যাটিস্টিক্স-২০২৫’ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। পৃথিবীর অনেক দেশে সর্বোচ্চ ত্রয়োদশ বর্ষ পর্যন্ত বিনামূল্যে শিক্ষার বিধান থাকলেও বাংলাদেশে পড়ানো হয় পঞ্চম শ্রেণি পর্যন্ত। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ টোগো এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার ও ভিয়েতনাম।
সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশ করেছে ইউনেস্কো। ইউনেস্কোর ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক্স এবং এডুকেশন ডেটা অ্যান্ড স্ট্যাটিস্টিক্স কমিশন প্রতিবেদনটি প্রস্তুত করেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইয়ারস অব গ্যারান্টিড এডুকেশন প্রোগ্রামে (ওয়াইজিইপি) বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও টোগোর অবস্থান সবার নিচে। বিপরীতে অস্ট্রেলিয়া, মরিশাস, সানমারিনো, লিচেনস্টাইন— এমনকি দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কাতেও সর্বোচ্চ ১৩ বছর পর্যন্ত বিনামূল্যে পড়ানোর বিধান রয়েছে।
ইউনেস্কোর প্রতিবেদনে বাংলাদেশের অন্যান্য প্রতিবেশী দেশগুলোকেও বেশ এগিয়ে থাকতে দেখা গেছে। প্রতিবেদন বলছে, দক্ষিণ এশিয়া বাংলাদেশ ছাড়া দশম শ্রেণির নিচে বিনামূল্যে পড়ানো হয় শুধুমাত্র ভারতে। সেখানেও অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়ানোর বিধান রয়েছে। এর বাইরে পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ ও নেপালে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়ানো হয়। আর ভুটানে এই বিধান রয়েছে একাদশ শ্রেণি পর্যন্ত। শ্রীলঙ্কায় বিনামূল্যে পড়ানো হয় ১৩ বছর।