যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৪ হাজার
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এবারের পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ৩ হাজার ৭৬২ জন কমেছে।
গত বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন, যা এবার কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জনে। যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের ২ হাজার ৫৭২টি মাধ্যমিক স্কুল থেকে ২৯৯টি কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নেবে। এবারের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬৬ হাজার ৯২৮ জন এবং ছাত্রী ৬৮ হাজার ১৬১ জন। ছাত্রদের তুলনায় ১ হাজার ২৩৩ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসছে।
পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ১ লাখ ৯ হাজার ২৬৬ জন, অনিয়মিত ২৫ হাজার ৬৭৮ জন এবং মানোন্নয়ন বা জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ১৪৫ জন। বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, মানবিকে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি— ৮২ হাজার ৪১১ জন। এছাড়া বিজ্ঞানে ৩৯ হাজার ৪২৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নিচ্ছে ১৩ হাজার ২৫২ জন পরীক্ষার্থী।
খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে সর্বোচ্চ পরীক্ষার্থী যশোর জেলায়— ২২ হাজার ৮৮ জন। এছাড়া খুলনায় ২১ হাজার ৪২৮ জন, কুষ্টিয়ায় ১৯ হাজার ৭৪৯ জন, ঝিনাইদহে ১৬ হাজার ৩৪৯ জন, সাতক্ষীরায় ১৪ হাজার ২৪৭ জন, বাগেরহাটে ১১ হাজার ৯২৬ জন, চুয়াডাঙ্গায় ৮ হাজার ৯৬২ জন, মাগুরায় ৮ হাজার ৭৬ জন, নড়াইলে ৬ হাজার ৬৪ জন এবং মেহেরপুর জেলায় ৬ হাজার ২০০ জন পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।
শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।