কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্রীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে
অবশেষে খোঁজ মিলল চট্টগ্রামের মিরসরাইয়ের স্কুলছাত্রী পূজা রানী দাসের। শিক্ষা সফরে কক্সবাজারে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তাকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ নিঝুমদ্বীপে সন্ধান পাওয়া গেছে।
জানা গেছে, অপরাধীরা পূজাকে নিঝুম দ্বীপের একটি নির্জন ও দুর্গম এলাকায় ফেলে পালিয়ে যায়। সেখান থেকেই কোনোভাবে সুযোগ পেয়ে পরিবারের কাছে ফোন করে বাঁচার আকুতি জানায় দশম শ্রেণির এই শিক্ষার্থী।
গত রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৭৫ জন শিক্ষার্থী ও শিক্ষক কক্সবাজারের উদ্দেশ্যে শিক্ষা সফরে যান। পরদিন সোমবার (২ ফেব্রুয়ারি) ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী পূজা রানী দাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সহপাঠী ও শিক্ষকরা তাকে ছাড়াই মিরসরাই ফিরে আসেন।
স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পূজার বাবা অপু দাস অভিযোগ করেন, শিক্ষকরা তাকে পিকনিকে নিয়ে গেলেও নিরাপত্তার বালাই ছিল না। নিখোঁজ হওয়ার পর প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পরিবারের পাশে না দাঁড়িয়ে উল্টো দায় এড়িয়ে গেছেন।