সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে চীন
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে চীনের হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি (এইচআইটি)। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১৯২০ সালে প্রতিষ্ঠিত হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন সি৯ লিগের প্রতিষ্ঠাতা সদস্য। ইউএস নিউজের ২০২৩ সালের র্যাঙ্কিং অনুযায়ী, প্রকৌশল শিক্ষায় বিশ্বের শীর্ষ ৫টি বিশ্ববিদ্যালয়ের একটি এ প্রতিষ্ঠান। এ ছাড়া এটি চীনের ডাবল ফার্স্ট-ক্লাস বিশ্ববিদ্যালয়গুলোর অন্তর্ভুক্ত। দেশটিতে এ শ্রেণির বিশ্ববিদ্যালয় রয়েছে ৩৬টি।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
আবাসন সুবিধা।
স্বাস্থ্যবিমা বাবদ বছরে ৮০০ চীনা ইউয়ান।
মাস্টার্সের শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি ৩ হাজার চীনা ইউয়ান।
পিএইচডি শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি ৩ হাজার ৫০০ চীনা ইউয়ান।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য বয়স ৩৫ বছরের কম এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে।
পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য বয়স ৪০ বছরের কম এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএসে কমপক্ষে ৬.০ অথবা টোয়েফলে কমপক্ষে ৮০ স্কোর থাকতে হবে।
গবেষণার ক্ষেত্রে তুলনামূলক দক্ষতা থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
চাইনিজ স্কলারশিপ কাউন্সিলের (সিএসসি) আবেদনপত্র। সিএসসিতে আবেদন করতে এখানে দেখুন।
আবেদনকারীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি।
একাডেমিক সনদ ও নম্বরপত্র।
অধ্যাপক বা সহযোগী অধ্যাপকদের কাছ থেকে দুটি রেফারেন্স লেটার।
মেডিকেল রিপোর্ট।
আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি)।
আরও দেখুন: ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
ইংরেজি ভাষায় দক্ষতার সনদ।
পার্সোনাল স্টেটমেন্ট।
স্টেটমেন্ট অব পারপাস ও গবেষণা পরিকল্পনা (কমপক্ষে ১ হাজার ৫০০ শব্দ)।
নন-ক্রিমিনাল রেকর্ড।
আবেদন ফি জমার ব্যাংক রসিদ। এ ফি ফেরতযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া: আবেদনের প্রথম ধাপে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র ও প্রয়োজনীয় সব নথি ই-মেইলের মাধ্যমে হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজির নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।
ই-মেইল: StudyatHIT@hit.edu.cn
দ্বিতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাডমিশন অফিস থেকে আবেদনকারীকে নিশ্চিতকরণ ই-মেইল পাঠানো হবে। একই সঙ্গে পরবর্তী করণীয় সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত তথ্য জানতে হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজির ওয়েবসাইট দেখুন।