১৫ নভেম্বর ২০২৬, ১২:৩২

উচ্চশিক্ষার জন্য জার্মান ভিসায় আবেদন করবেন যেভাবে, দেখুন ধাপে ধাপে

জার্মানিতে উচ্চশিক্ষা   © সংগৃহীত

জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করেছে ঢাকার জার্মান দূতাবাস। এখন থেকে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিস পোর্টাল (আউসলান্ডসপোর্টাল) ব্যবহার করে অনলাইনে ভিসার আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন শিক্ষার্থীরা।

নতুন ব্যবস্থায় আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের আগে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। এরপর দূতাবাসের বহিরাগত সেবাদানকারী প্রতিষ্ঠান ভিএফএসের মাধ্যমে প্রাথমিকভাবে কাগজপত্র যাচাই করা হবে। এতে সরাসরি উপস্থিত হয়ে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আগের তুলনায় কম সময় লাগবে। সরাসরি উপস্থিতির সময় মূলত বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও চূড়ান্ত যাচাই করা হবে।

ঢাকার জার্মান দূতাবাস জানিয়েছে, নতুন পোর্টালের ড্যাশবোর্ড থেকে আবেদনকারীরা তাদের আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। পাশাপাশি, প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুযোগও রয়েছে।

যেভাবে আবেদন করবেন

প্রথম ধাপ: পোর্টালে প্রবেশ করে অ্যাকাউন্ট খুলুন

প্রথমে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিস পোর্টাল এ প্রবেশ করতে হবে। সেখানে নতুন অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

দ্বিতীয় ধাপ: অনলাইনে আবেদনপত্র পূরণ করুন

অ্যাকাউন্ট খোলার পর জাতীয় শিক্ষার্থী ভিসার আবেদনপ্রক্রিয়া শুরু করতে হবে। আবেদনপত্রে প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাসংক্রান্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

তৃতীয় ধাপ: প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন

আবেদনপত্র পূরণের পর ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে। কোন কোন নথি জমা দিতে হবে, তা পোর্টাল ও জার্মান দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা থেকে জানা যাবে।

চতুর্থ ধাপ: কাগজপত্রের প্রাথমিক যাচাই

অনলাইনে আবেদন ও নথি জমা দেওয়ার পর দূতাবাসের বহিরাগত সেবাদানকারী প্রতিষ্ঠান ভিএফএসের মাধ্যমে কাগজপত্রের প্রাথমিক যাচাই করা হবে। এতে আবেদনকারীরা সরাসরি দূতাবাসে যাওয়ার আগেই নথিপত্রের প্রাথমিক পর্যালোচনার সুযোগ পাবেন।

পঞ্চম ধাপ: সরাসরি উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য দিন

প্রাথমিক যাচাইয়ের পর নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী সরাসরি উপস্থিত হতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় কাগজপত্রের চূড়ান্ত যাচাই করা হবে।

ষষ্ঠ ধাপ: আবেদনের সর্বশেষ অবস্থা জানুন

আবেদন জমা দেওয়ার পর পোর্টালের ড্যাশবোর্ড থেকে আবেদনের অগ্রগতি ও সর্বশেষ আপডেট জানা যাবে। ফলে আবেদনকারীরা অনলাইনে নিজেদের আবেদনের অবস্থা অনুসরণ করতে পারবেন।

পুরোনো অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

নতুন ডিজিটাল আবেদনব্যবস্থা চালুর অংশ হিসেবে আগের ভিসা আবেদন পদ্ধতির অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল করেছে জার্মান দূতাবাস। ফলে আগে যারা আবেদন করে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় ছিলেন, তাদেরও নতুন করে নিবন্ধন ও আবেদন করতে হবে।

দূতাবাস জানিয়েছে, আগের অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের তথ্য নতুন পোর্টালে স্থানান্তর করা হবে না। পুরোনো তালিকার নিবন্ধনও আর কার্যকর থাকবে না। তাই আগে থেকে অপেক্ষায় থাকা শিক্ষার্থীসহ জার্মানিতে জাতীয় শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক সবাইকে নতুন পোর্টালে অ্যাকাউন্ট খুলে নতুন করে আবেদন জমা দিতে হবে।

ভিসা আবেদনের বিস্তারিত নির্দেশনা, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও আবেদনসংক্রান্ত তথ্য পাওয়া যাবে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিস পোর্টালে এবং ঢাকার জার্মান দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে।