১১ নভেম্বর ২০২৬, ১২:১২

এক ক্লিকেই বিশ্বমানের শিক্ষার সুযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স

কর্নেল বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ আইভি লিগ প্রতিষ্ঠান কর্নেল বিশ্ববিদ্যালয়। অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম এডএক্সের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থীরা ঘরে বসেই বিশ্ববিদ্যালয়টির অভিজ্ঞ অধ্যাপকদের কাছ থেকে শেখার সুযোগ পাচ্ছেন।

এ কোর্সগুলোতে শিক্ষার্থীরা বিনা মূল্যে অডিট মোডে অংশ নিতে পারবেন। তবে কোর্স শেষে সার্টিফিকেট সংগ্রহ করতে চাইলে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। কোর্সভেদে আবেদন ও শুরুর সময় আলাদা হতে পারে।

কোর্সের ধরন ও সুযোগ-সুবিধা: কর্নেল বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্সগুলোতে প্রাথমিক থেকে মধ্যম স্তরের বিভিন্ন বিষয়ের ওপর শেখার সুযোগ রয়েছে। বেশিরভাগ কোর্স স্বনির্ধারিত গতিতে (সেলফ-পেসড) সম্পন্ন করা যায়। ফলে শিক্ষার্থীরা নিজেদের সুবিধামতো সময়ে পড়াশোনা করতে পারবেন।

এ ছাড়া অভিজ্ঞ শিক্ষক ও বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার পাশাপাশি আইভি লিগ প্রতিষ্ঠানের কোর্স করার অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা: বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এসব কোর্সে অংশ নিতে পারবেন। সাধারণভাবে বয়স বা পূর্ব অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই। তবে কোর্সভেদে যোগ্যতার শর্ত ভিন্ন হতে পারে।

আবেদনের জন্য ইন্টারনেট সংযোগসহ একটি মুঠোফোন বা কম্পিউটার থাকতে হবে। শিক্ষার্থীরা বিনা মূল্যে অডিট অপশনে কোর্স করতে পারবেন। তবে সার্টিফিকেট নিতে চাইলে নির্ধারিত ফি দিতে হবে।

আরও দেখুন: টিউশন ফি ছাড়, মাসিক ভাতাসহ স্কলারশিপ—চীনের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে এডএক্স প্ল্যাটফর্মে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর কর্নেল বিশ্ববিদ্যালয়ের পছন্দের কোর্স নির্বাচন করে এনরোল করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট কোর্সের যোগ্যতা ও শর্ত যাচাই করে নিতে হবে।

কোর্সভেদে আবেদন ও শুরুর সময় আলাদা হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন ও বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন।