০৩ নভেম্বর ২০২৬, ১২:২২

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে যে চার পরিবর্তন আনল নিউজিল্যান্ড ইমিগ্রেশন

নিউজিল্যান্ড ইমিগ্রেশন  © টিডিসি সম্পাদিত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে চারটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ডের ইমিগ্রেশন বিভাগ। ২৭ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে শিক্ষার্থীদের কাজের সময়সীমা, ইংরেজি ভাষার দক্ষতা যাচাই, ভিসার আবেদনপ্রক্রিয়া এবং কোর্স শেষে ভিসার মেয়াদে পরিবর্তন আনা হয়েছে।

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের (আইএনজেড) নতুন নির্দেশনা অনুযায়ী, এসব পরিবর্তনের মধ্যে তিনটি শিক্ষার্থী ভিসার নিয়ম যথাযথভাবে মানা নিশ্চিত করার জন্য এবং একটি কোর্স শেষের পর শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়ার জন্য আনা হয়েছে।

নতুন নিয়মে চার পরিবর্তন:

১. মাস্টার্স বাই রিসার্চের নতুন শিক্ষার্থীরা এখন থেকে সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারবেন। ছুটির সময়ে পূর্ণকালীন কাজের সুযোগ থাকবে। আগে তাদের পড়াশোনার পাশাপাশি কাজের ক্ষেত্রে সীমাহীন সুযোগ ছিল। এ পরিবর্তন ২৭ অক্টোবর বা এর পর ভিসার আবেদন করা নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

২. শিক্ষার্থী ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার সক্ষমতা নির্ধারণে ইংরেজি ভাষার দক্ষতাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আরও দেখুন: সাংবাদিকদের ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, মিলবে বৃত্তি

৩. শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্ত বা নিষ্পত্তি চলমান থাকলে ইমিগ্রেশন নিউজিল্যান্ড ভিসার আবেদনপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে স্থগিত করতে পারবে। আগে যেসব পরিস্থিতিতে এ ধরনের স্থগিতাদেশ দেওয়া যেত, নতুন নিয়মে তার পরিধি বাড়ানো হয়েছে।

৪. নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগের অতিরিক্ত সময় এক মাস থেকে বাড়িয়ে দুই মাস করা হয়েছে। তবে ৩১ মার্চ ভিসার মেয়াদ শেষ হওয়ার নিয়ম অপরিবর্তিত রয়েছে।

আগের নিয়মে শিক্ষার্থীদের পড়াশোনার ধরন ও মেয়াদের ওপর নির্ভর করে ৩১ মার্চ অথবা কোর্স শেষ হওয়ার এক মাস পর ভিসার মেয়াদ শেষ হতো। নতুন নিয়মে প্রযোজ্য ক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পর অতিরিক্ত দুই মাস সময় পাবেন শিক্ষার্থীরা।

আরও দেখুন: পদ ৩৪৭, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে

নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিজেদের ভিসার শর্ত, কাজের অনুমতি এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: ইমিগ্রেশন নিউজিল্যান্ডের নির্দেশনা।