ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়ুন জাপানে, আবেদন ৩১ অক্টোবরের মধ্যেই
জাপানে স্নাতকোত্তর (মাস্টার্স) ও ডক্টরাল (পিএইচডি) পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন । ২০২৭ শিক্ষাবর্ষের এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ডিগ্রির মেয়াদ অনুযায়ী প্রতি মাসে সর্বোচ্চ ২ লাখ ৩০ হাজার জাপানি ইয়েন পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
বৃত্তির সুযোগ-সুবিধা
হোনজো ফাউন্ডেশনের এ বৃত্তিতে ডিগ্রির মেয়াদ অনুযায়ী মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। বৃত্তির পরিমাণ হলো—
১ থেকে ২ বছর মেয়াদি ডিগ্রি: প্রতি মাসে ২ লাখ ৩০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা)।
৩ বছর মেয়াদি ডিগ্রি: প্রতি মাসে ২ লাখ ১০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা)।
৪ থেকে ৫ বছর মেয়াদি ডিগ্রি: প্রতি মাসে ১ লাখ ৮০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৪১ হাজার টাকা)।
বাংলাদেশি মুদ্রায় টাকার পরিমাণ আনুমানিক। বিনিময় হারের পরিবর্তনের কারণে এ পরিমাণ কমবেশি হতে পারে।
আবেদনের যোগ্যতা
জাপানের কোনো বিশ্ববিদ্যালয়ে ২০২৭ সালের এপ্রিল অথবা শরৎকালীন সেশনে গ্র্যাজুয়েট পর্যায়ে পড়াশোনা শুরু করতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের যেসব শর্ত পূরণ করতে হবে—
বয়সসীমা: মাস্টার্স প্রোগ্রাম শুরু করার সময় সর্বোচ্চ ৩০ বছর এবং পিএইচডি প্রোগ্রাম শুরু করার সময় সর্বোচ্চ ৩৫ বছর বয়স হতে হবে।
ভাষাগত দক্ষতা: জাপানি ভাষায় মৌলিক কথোপকথনে সক্ষম হতে হবে। বাছাইপ্রক্রিয়ার সাক্ষাৎকার জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে।
দেশের উন্নয়নে অবদান: পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে উন্নয়নমূলক কাজে অবদান রাখার দৃঢ় ইচ্ছা থাকতে হবে।
গবেষণার পরিকল্পনা: গবেষণার বিষয় এবং সেই গবেষণা নিজ দেশের উন্নয়নে কীভাবে ভূমিকা রাখতে পারে, তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন করার সময় প্রার্থীদের নির্ধারিত নথি ও ভিডিও জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—
১. পাসপোর্ট সাইজের ছবি।
২. একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা শিক্ষাগত যোগ্যতার নম্বরপত্র।
৩. বিস্তারিত গবেষণা প্রস্তাবনা।
৪. সুপারভাইজার বা তত্ত্বাবধায়কের সুপারিশপত্র ।
৫. বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার বা গ্রহণপত্র।
৬. গবেষণাসংক্রান্ত দুই মিনিটের একটি ভিডিও উপস্থাপনা।
৭. ঐচ্ছিকভাবে ৩০ সেকেন্ডের একটি আত্মপরিচয়মূলক ভিডিও ।
গবেষণা প্রস্তাবনায় গবেষণার বিষয়, নিজ দেশের উন্নয়নে এর সম্ভাব্য অবদান এবং আগের গবেষণা বা শিক্ষাগত অর্জনের বিবরণ দিতে হবে। সব নথি ও ভিডিও ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী প্রস্তুত করে জমা দিতে হবে।
আবেদনপ্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ
আগ্রহী প্রার্থীদের হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশনের অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে যোগ্যতা ও প্রয়োজনীয় নথির নির্দেশনা ভালোভাবে দেখে নেওয়া উচিত।
আবেদন শুরুর তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।
প্রাথমিক ফল প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৭।
সাক্ষাৎকার: ৯ ফেব্রুয়ারি ২০২৭; টোকিওতে অথবা ভিডিও কলের মাধ্যমে।
চূড়ান্ত ফল প্রকাশ: ৩১ মার্চ ২০২৭।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী শিক্ষার্থীরা নিচের লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করুন এখানে।
বৃত্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানতে ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন।