উচ্চশিক্ষায় স্কলারশিপ নিয়ে পড়ুন ফ্রান্সে
ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে দেশটির প্যারিসভিত্তিক উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান একোল নর্মাল সুপেরিয়র (ইএনএস)। ইএনএস সিলেকশন স্কলারশিপ নামের এ বৃত্তির আওতায় বিজ্ঞান ও সাহিত্য বিভাগে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবেন।
এতে সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি আবাসন সুবিধা ও মাসে ১ হাজার ইউরো ভাতা দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬।
একোল নর্মাল সুপেরিয়র ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান। ১৭৯৪ সালে শিক্ষক প্রশিক্ষণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বর্তমানে এখানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির বিখ্যাত সাবেক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন দার্শনিক জঁ-পল সার্ত্র ও অঁরি বের্গসন, রসায়নবিদ ও জীববিজ্ঞানী লুই পাস্তুর এবং রাজনৈতিক নেতা লেওঁ ব্লুম।
স্কলারশিপের সুযোগ-সুবিধা: এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা কয়েকটি সুবিধা পাবেন। সেগুলো হলো সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসন সুবিধা, প্রতি মাসে ১ হাজার ইউরো ভাতা।
স্কলারশিপের সংখ্যা ও মেয়াদ: এ স্কলারশিপে বিজ্ঞান বিভাগে ১০টি এবং সাহিত্য বিভাগে ১০টি আসন রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা তিন বছর মেয়াদে এ বৃত্তির সুবিধা পাবেন।
যেসব বিষয়ে পড়ার সুযোগ রয়েছে: মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান এ দুই বিভাগে বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলোর মধ্যে রয়েছে অ্যানথ্রোপোলজি, আর্কিওলজি, ক্লাসিক্যাল স্টাডিজ (গ্রিক ও লাতিন), ফিল্ম স্টাডিজ, থিয়েটার স্টাডিজ, আর্ট হিস্ট্রি, মিউজিকোলজি, কগনিটিভ সায়েন্সেস, ইকোনমিকস, পলিটিক্যাল স্টাডিজ, জিওগ্রাফি, হিস্ট্রি, আইন ও দর্শনের ইতিহাস, বিজ্ঞান ও দর্শনের ইতিহাস, ভাষাতত্ত্ব, সাহিত্য, দর্শন এবং সমাজতত্ত্ব।
আরও দেখুন: এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
বিজ্ঞান বিভাগের বিষয়গুলো হলো বায়োলজি, কেমিস্ট্রি, জিওসায়েন্সেস, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিকস, ফিজিকস ও কগনিটিভ সায়েন্সেস।
আবেদনের যোগ্যতা: এ স্কলারশিপের জন্য আবেদন করতে প্রার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে, বয়স ২৬ বছরের কম হতে হবে, নির্ধারিত প্রোগ্রামে আবেদনের জন্য পূর্ববর্তী প্রোগ্রামের সনদ থাকতে হবে, আগে আবেদন বাতিল হয়েছে, এমন প্রার্থীদের পুনরায় আবেদনে নিরুৎসাহিত করা হয়েছে।
আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র: অনলাইন আবেদন ফরম, হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র, ১ থেকে ৩ পৃষ্ঠার মোটিভেশন লেটার, পাসপোর্ট, ২ থেকে ৪টি সুপারিশপত্র, গবেষণাকর্মের প্রয়োজনীয় তথ্য, যদি থাকে, সব নথিপত্র পিডিএফ ফরম্যাটে জমা দিতে হবে।
আবেদনের নিয়ম ও শেষ সময়: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, বিস্তারিত নির্দেশনা ও অন্যান্য তথ্য জানতে এবং আবেদন করতে একোল নর্মাল সুপেরিয়রের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন।
আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৬।