০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৬

বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র

ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশি শিক্ষাবিদ ও গবেষকদের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষকতা ও গবেষণার সুযোগ দিচ্ছে মার্কিন সরকারের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এ কর্মসূচিতে ১০ বছর বা তার বেশি পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি সরকারি-বেসরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থায় কর্মরত গবেষকেরা আবেদন করতে পারবেন। 

আগামী বছরের সেপ্টেম্বরে শুরু হবে এ এক্সচেঞ্জ প্রোগ্রাম। এতে নির্বাচিত শিক্ষাবিদ ও গবেষকেরা যুক্তরাষ্ট্রে গবেষণা বা শিক্ষকতার কাজ পরিচালনার সুযোগ পাবেন।

গত ৫০ বছরে প্রায় ২০০ বাংলাদেশি এ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়েছেন। ফুলব্রাইট ভিজিটিং স্কলার সাবেক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবিদ, গবেষক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও উন্নয়ন পেশাজীবীরা রয়েছেন।

ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের আওতায় উচ্চতর ডিগ্রি (পিএইচডি) বা সমমানের পেশাগত ডিগ্রিসম্পন্ন এবং নিজ নিজ বিশেষায়িত ক্ষেত্রে গবেষণা ও শিক্ষকতার প্রস্তাবনা দেওয়া প্রার্থীদের অনুদান দেওয়া হবে।

যেসব সুযোগ-সুবিধা মিলবে
ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের আওতায় নির্বাচিতরা টিউশন ফি, বিমানে আসা-যাওয়ার খরচ এবং থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটাতে মাসিক উপবৃত্তি পাবেন। এ ছাড়া বইপত্র কেনার জন্য ভাতা, স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা এবং ভ্রমণ ও লাগেজ ভাতাও দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন
এ ফেলোশিপের জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনের সময় অবশ্যই বাংলাদেশে অবস্থান করতে হবে।

যেসব আবেদনকারী যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন বা নাগরিকত্ব গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছেন অথবা যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, তারা এ অনুদানের জন্য যোগ্য বিবেচিত হবেন না।

আগে ফুলব্রাইট ভিজিটিং স্কলার অনুদান পাওয়া আবেদনকারীকে অত্যন্ত বিরল কোনো প্রেক্ষাপটে দ্বিতীয়বার এ অনুদান দেওয়া হতে পারে।

আরও দেখুন: ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে বাদ পড়া প্রার্থী মিশন আচার্য

যোগ্যতা
অনুদানপ্রার্থীদের অবশ্যই শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশে শিক্ষকতার অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

ফুলব্রাইট অনুদানের জন্য আবেদনকারীকে জীবনবৃত্তান্ত, শিক্ষকতার জন্য আমন্ত্রণকারী প্রতিষ্ঠান থেকে পাওয়া চূড়ান্ত আমন্ত্রণপত্র এবং কোর্সের পাঠ্যক্রম জমা দিতে হবে।

আবেদনপত্রে পছন্দের ক্রমানুসারে কাঙ্ক্ষিত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করতে হবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠান পছন্দের কারণও জানাতে হবে। আবেদনকারীকে ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে।

যেসব নথি লাগবে
আবেদনের সঙ্গে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, তিনটি সুপারিশপত্র, আমন্ত্রণকারী প্রতিষ্ঠান থেকে পাওয়া চূড়ান্ত আমন্ত্রণপত্র এবং জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

যেভাবে আবেদন
অনলাইনে এ প্রোগ্রামে আবেদন করা যাবে। এজন্য আবেদনকারীকে প্রথমে একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আবেদন-সংক্রান্ত সব নথিও অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে ইলেকট্রনিকভাবে আপলোড করতে হবে।

আবেদন ও বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ওয়েবসােইটের বিজ্ঞপ্তি দেখুন অথবা এখানে দেখুন। 

আবেদন শেষ
আগামী ৩১ অক্টোবর ২০২৬।

এ ছাড়া আরও বিস্তারিত জানতে dhakausexchanges@state.gov ই-মেইলে যোগাযোগ করা যেতে পারে।