মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ফুলফান্ডেড স্কলারশিপে পড়ার সুযোগ, আবেদন শুরু
বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ অর্থায়নে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ এসেছে। কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামের স্প্রিং ২০২৭ সেমিস্টারের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গিয়ে এক সেমিস্টার পড়াশোনার পাশাপাশি দেশটির সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কে জানার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।
ইয়েস প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের একটি পরিবারের সঙ্গে বসবাস করবেন। পাশাপাশি তারা একটি আমেরিকান হাইস্কুলে পড়াশোনা করবেন। এ সময় তারা নেতৃত্বের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন এবং শাসনব্যবস্থা, ব্যবসা ও উদ্ভাবনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।
মার্কিন দূতাবাস জানিয়েছে, ইয়েস প্রোগ্রামের মূল লক্ষ্য তরুণ নেতৃত্বের একটি নেটওয়ার্ক তৈরি করা। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে জানবেন। একই সঙ্গে তারা নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা মার্কিন নাগরিকদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।
মেধার ভিত্তিতে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। ২০০৪ সালে ইয়েস প্রোগ্রাম চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ৫৩০ জন শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
আগ্রহী শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড রিসোর্স নেটওয়ার্ক (আইইএআরএন) বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনসংক্রান্ত কোনো বিষয়ে জানতে yesinfo@iearnbd.org অথবা DhakaUSExchanges@State.gov ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।
ঢাকায় মার্কিন দূতাবাস এক বার্তায় জানিয়েছে, কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামের স্প্রিং ২০২৭ সেমিস্টারের জন্য তারা আবেদন আহ্বান করছে। এ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এক সেমিস্টারের জন্য যুক্তরাষ্ট্রে বসবাস ও পড়াশোনা করার সুযোগ পাবেন।