৩১ আগস্ট ২০২৬, ০৯:৩০

৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি

গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি  © টিডিসি সম্পাদিত

মেধাবী, অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন প্রায় ৫০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধার শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। 

সমিতি সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের মেধা ও আর্থিক অসচ্ছলতাকে গুরুত্ব দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: ২০২৫-২৬ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ মেধাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্যদের মধ্য থেকে প্রায় ৫০০ শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে।

আবেদন শুরু: ৩০ আগস্ট, ২০২৬

আবেদন শেষ: ১০ সেপ্টেম্বর, ২০২৬

আবেদনের মাধ্যম: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। 

বৃত্তি-সংক্রান্ত পরবর্তী নির্দেশনা, শিক্ষার্থী বাছাইয়ের তথ্য ও অন্যান্য আপডেট গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকার ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

ছাত্রকল্যাণ সমিতির আহ্বায়ক মোস্তাকিন আল মামুন পিয়াল গণমাধ্যমকে বলেন, ‘অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই প্রায় ৫০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও গাইবান্ধার শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

কমিটির সদস্য সচিব মোসাদ্দিকুর ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা চাই, গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেধাবী শিক্ষার্থীরাও যেন উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে। এ উদ্যোগ তাদের শিক্ষাজীবনে কিছুটা হলেও সহায়ক হবে বলে আমরা আশা করি।’

আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে এখানে দেখুন