২৬ আগস্ট ২০২৬, ১৯:৪৭

বিদেশে উচ্চশিক্ষায় চলমান ৪ স্কলারশিপ, করুন আবেদন

স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা জেনে নিন বিশ্বের চলমান ৪ স্কলারশিপ সম্পর্কে  © সংগৃহীত

স্কলারশিপ—এটা শুধু একটি সুযোগ নয়, অনেক শিক্ষার্থীর কাছে এটি একটি স্বপ্ন। উচ্চশিক্ষা অর্জনের পথে বড় একটি সহায়ক শক্তি হলো স্কলারশিপ, বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য। অনেক দেশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান মেধাবী, উদ্যমী ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বছরে হাজার হাজার ফুল-ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে। এসব স্কলারশিপে টিউশন ফি ছাড়াও মাসিক ভাতা, আবাসন খরচ, স্বাস্থ্যাবিমা ও যাতায়াত ব্যয় অন্তর্ভুক্ত থাকে।

তবে স্কলারশিপ পাওয়ার জন্য শুধুই স্বপ্ন নয়—প্রয়োজন মেধা, লক্ষ্য, প্রস্তুতি ও সময়মতো আবেদন। যারা নিজের ভবিষ্যৎ গড়তে চায়, সমাজে অবদান রাখতে চায়, তাদের জন্য স্কলারশিপ হতে পারে এক নতুন যাত্রার শুরু।

চলুন এবার দেখে নেওয়া যাক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চলমান ৪টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্কলারশিপ সম্পর্কে:

১. সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড (সিঙ্গা)

উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের সিঙ্গাপুর সরকার কর্তৃক দেওয়া অন্যতম একটি স্কলারশিপ হচ্ছে ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’। সিঙ্গা নামের এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের বিনা মূল্যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে যেকোনো একটিতে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেওয়া হয়। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ১ ডিসেম্বর ২০২৬।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://www.a-star.edu.sg/Scholarships/for-graduate-studies/singapore-international-graduate-award-singa 

২. নাইট-হেনেসি স্কলারশিপ

সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডির প্রোগ্রামে অধ্যয়নের জন্য অন্যতম একটি স্কলারশিপ হচ্ছে এটি। যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এই স্কলারশিপ প্রদান করে থাকে।

প্রোগ্রামটি সাধারণত তিন বছর পর্যন্ত একাডেমিক খরচ বহন করে থাকে, কিন্তু কোনো শিক্ষার্থী যদি একাধিক কিংবা যৌথ প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে হোম ডিপার্টমেন্ট সামঞ্জস্যপূর্ণ ফান্ডের ব্যবস্থা করে থাকে।

আবেদনের শেষ সময় আগামী ৬ই অক্টোবর ২০২৬।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://knight-hennessy.stanford.edu/admission/before-you-apply 

৩. এডিবি–জাপান স্কলারশিপ প্রোগ্রাম

এডিবি-জেএসপি স্কলারশিপ প্রোগ্রাম (Asian Development Bank – Japan Scholarship Program) একটি যৌথ স্কলারশিপ কর্মসূচি, যা জাপান সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) পরিচালনা করে। এই স্কলারশিপের লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোর মেধাবী ও তরুণ পেশাজীবীদের উন্নত শিক্ষায় সহায়তা করা, যাতে তারা ভবিষ্যতে নিজ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।

এই স্কলারশিপে পূর্ণ টিউশন ফি, মাসিক জীবনযাপন ও আবাসন ভাতা, বই ও শিক্ষা উপকরণ, স্বাস্থ্যবীমা, যাতায়াত ব্যয় এবং গবেষণাসংক্রান্ত সহায়তা দেওয়া হয়। তবে আবেদনের সময়সীমা বিশ্ববিদ্যালয় ও ইনটেকভেদে ভিন্ন।

আবেদনের সময়: অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সীমা অনুসরণ করতে হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program 

৪. ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ

পৃথিবীর বিভিন্ন দেশের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনাময় তরুণদের যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ করে দেয় শেভেনিং স্কলারশিপ। শেভেনিং মাস্টার্স স্কলারশিপ ১৯৮৩ সাল থেকে ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের অর্থায়নে যাত্রা শুরু করে। প্রতি বছর প্রায় ১৫০০ শিক্ষার্থীকে এ স্কলারশিপ এর আওতায় যুক্তরাজ্যের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হয়। 

আবেদনকারীদের নেতৃত্বের দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা, নেটওয়ার্ক গড়ে তোলার সক্ষমতা এবং নিজ দেশ ও সমাজে ইতিবাচক অবদান রাখার সম্ভাবনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আবেদনের শেষ সময় ৬ অক্টোবর ২০২৬ ।

এই স্কলারশিপে টিউশন ফি, মাসিক জীবনযাপন ভাতা, যুক্তরাজ্যে যাতায়াতের খরচ এবং অন্যান্য নির্ধারিত ভাতা দেওয়া হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://www.chevening.org/scholarships/application-timeline/