০১ আগস্ট ২০২৬, ১৬:৪৬

ইন্দোনেশিয়ায় ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ভোলার ফাহিম

মাহবুবুর রহমান ফাহিম  © সংগৃহীত

ভোলার লালমোহনের মেধাবী শিক্ষার্থী মাহবুবুর রহমান ফাহিম ইন্দোনেশিয়ার স্টেট ইসলামিক ইউনিভার্সিটি অব জেম্বেরে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়টির গ্রহণপত্র অনুযায়ী, সম্পূর্ণ অর্থায়নে সেখানে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন তিনি। এ অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।

মাহবুবুর রহমান ফাহিম ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন হাজী বাড়ির বাসিন্দা। তিনি ২০১৭ সালে লালমোহন মডেল মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর ২০২৩ সালে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৪.৮৮ এবং ২০২৫ সালে ঢাকার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করেন।

ফাহিমের বাবা মো. ওমর ফারুক করিমগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক এবং মা জান্নাতুল ফেরদাউস একজন গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। ছোটবেলা থেকেই আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন লালন করে আসছিলেন।

নিজের অনুভূতি প্রকাশ করে মাহবুবুর রহমান ফাহিম বলেন, ‘আল্লাহর অশেষ রহমত, মা-বাবার দোয়া এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতার কারণেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক অঙ্গনে ভালোভাবে পড়াশোনা করতে চাই। ভবিষ্যতে অর্জিত জ্ঞান দেশের শিক্ষা ও সমাজের উন্নয়নে কাজে লাগাতে চাই।’

ফাহিমের এই অর্জনে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, বিদেশে উচ্চশিক্ষা শেষে তিনি অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে দেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।