২৭ জুলাই ২০২৬, ২২:২২

অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সেরা স্কলারশিপসমূহ

অস্ট্রেলিয়ায় স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা জেনে নিন দেশটির বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে  © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য অন্যতম জনপ্রিয় দেশ অস্ট্রেলিয়া। বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রথম পছন্দ থাকে অস্ট্রেলিয়া। শান্তিপূর্ণ এই দেশ শিক্ষার্থীদের জন্য শুধু নয়, পড়াশোনা শেষে স্থায়ীভাবে বসবাসের জন্যও অত্যন্ত আকর্ষণীয়। দেশটিতে বর্তমানে বিপুল সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। এর অন্যতম কারণ হলো বিশ্বমানের শিক্ষা, গবেষণার সুযোগ, পড়াশোনার পাশাপাশি বৈধভাবে খণ্ডকালীন কাজের সুযোগ এবং স্নাতক শেষে বিভিন্ন ভিসা ও অভিবাসন সুবিধা। 

তবে উন্নত শিক্ষাব্যবস্থা ও উচ্চ জীবনযাত্রার ব্যয়ের কারণে অস্ট্রেলিয়ায় পড়াশোনা তুলনামূলক ব্যয়বহুল। তাই এখানে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের একমাত্র মাধ্যম অস্ট্রেলিয়ার স্কলারশিপগুলো। চলুন এবার পরিচিত হওয়া যাক অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সেরা কয়েকটি স্কলারশিপ সম্পর্কে।

১. মোনাশ ইউনিভার্সিটি স্কলারশিপ

মোনাশ ইউনিভার্সিটি প্রতি বছর মাস্টার্স বাই রিসার্চ ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) ও মোনাশ গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রদান করে। আন্তর্জাতিক আবেদনকারীদের জন্য বছরে একাধিক আবেদন রাউন্ড থাকে। সর্বশেষ আন্তর্জাতিক রাউন্ডের আবেদন শেষ সময় ৩১ আগস্ট। বার্ষিক জীবনযাপন ভাতা প্রায় AU$37,000-এর বেশি এবং সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হয়। 

বিস্তারিত: https://www.monash.edu/graduate-research/study/apply 

২. ডেকিন ইউনিভার্সিটি স্কলারশিপ

ডেকিন ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) এবং ডেকিন ইউনিভার্সিটি পোস্টগ্র্যাজুয়েট রিসার্চ (ডিইউপিআর) স্কলারশিপ প্রদান করে। এ স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বার্ষিক জীবনযাপন ভাতা (স্টাইপেন্ড), আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা (ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার–ওএসএইচসি) এবং নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে স্থানান্তর (রিলোকেশন) সহায়তা প্রদান করা হয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বছরে একাধিক রাউন্ডে আবেদন গ্রহণ করা হয়।

বিস্তারিত: https://www.deakin.edu.au/study/fees-and-scholarships/scholarships/find-a-scholarship/rtp-and-duprs

৩. ইউনিভার্সিটি অব সিডনি ইন্টারন্যাশনাল স্কলারশিপ

ইউনিভার্সিটি অব সিডনি প্রতিবছর ইউনিভার্সিটি অব সিডনি ইন্টারন্যাশনাল স্টাইপেন্ড স্কলারশিপ (ইউএসওয়াইডিআইএস)-এর আওতায় গবেষণাভিত্তিক স্নাতকোত্তর (মাস্টার্স বাই রিসার্চ) এবং পিএইচডি শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করে। এ স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ এবং প্রতি বছর ৪২ হাজার অস্ট্রেলিয়ান ডলারের বেশি জীবনযাপন ভাতা প্রদান করা হয়। ভর্তি সেশনের ওপর ভিত্তি করে আবেদন গ্রহণ করা হয়, তাই আবেদন শুরুর ও শেষের সময়সীমা প্রতি রাউন্ডে পরিবর্তিত হতে পারে।

বিস্তারিত: https://www.sydney.edu.au/scholarships/e/university-sydney-international-scholarship.html 

৪. ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড (UQ) স্কলারশিপ

ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গবেষণাভিত্তিক স্নাতকোত্তর (মাস্টার্স বাই রিসার্চ) এবং পিএইচডি পর্যায়ে গ্র্যাজুয়েট স্কুল স্কলারশিপ (জিআরএসএস) এবং রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) স্কলারশিপ প্রদান করে। এ স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ এবং প্রতি বছর প্রায় ৩৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারের জীবনযাপন ভাতা (স্টাইপেন্ড) প্রদান করা হয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সাধারণত বছরে একাধিক রাউন্ডে আবেদন গ্রহণ করা হয়।

বিস্তারিত: https://study.uq.edu.au/study-options/phd-mphil-professional-doctorate/projects 

৫. অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (ANU) স্কলারশিপ

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) স্কলারশিপ প্রদান করে। এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ এবং বার্ষিক জীবনযাপন ভাতা (স্টাইপেন্ড) পান। আন্তর্জাতিক আবেদনকারীদের জন্য আবেদন গ্রহণের সময়সীমা সাধারণত নির্দিষ্ট রাউন্ড অনুযায়ী নির্ধারিত হয় এবং অনেক ক্ষেত্রে আগস্ট মাসের শেষের দিকে আবেদন শেষ হয়। তবে প্রতি বছর আবেদন সময়সূচিতে পরিবর্তন হতে পারে।

বিস্তারিত: https://www.anu.edu.au/study/scholarships/find-a-scholarship/australian-government-research-training-program-agrtp-stipend 

৬. ইউনিভার্সিটি অব তাসমানিয়া স্কলারশিপ

ইউনিভার্সিটি অব তাসমানিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন গবেষণা স্কলারশিপ প্রদান করে। এসব স্কলারশিপের আওতায় গবেষণাভিত্তিক স্নাতকোত্তর (মাস্টার্স বাই রিসার্চ) ও পিএইচডি শিক্ষার্থীরা টিউশন ফি সহায়তা এবং জীবনযাপন ভাতা (স্টাইপেন্ড) পাওয়ার সুযোগ পান। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী এসব স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ লাভ করেন। আবেদন গ্রহণের সময়সীমা নির্দিষ্ট স্কলারশিপ ও ভর্তি সেশনের ওপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে। 

বিস্তারিত: https://www.utas.edu.au/study/scholarships-fees-and-costs/international-scholarships 

৭. বন্ড ইউনিভার্সিটি স্কলারশিপ

বন্ড ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হায়ার ডিগ্রি রিসার্চ (এইচডিআর) স্কলারশিপ প্রদান করে। এ স্কলারশিপের আওতায় পিএইচডি ও গবেষণাভিত্তিক উচ্চতর ডিগ্রির শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, জীবনযাপন ভাতা (স্টাইপেন্ড) এবং গবেষণাসংক্রান্ত সহায়তা পাওয়ার সুযোগ পান। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বছরে একাধিকবার আবেদন গ্রহণ করা হয় এবং আবেদন করার সময়সীমা নির্ধারিত রাউন্ড অনুযায়ী পরিবর্তিত হয়। 

বিস্তারিত: https://bond.edu.au/research/research-degrees/hdr-scholarships 

৮. ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির RTP স্কলারশিপ

অস্ট্রেলিয়ান সরকারের রিসার্চ ট্রেনিং প্রোগ্রামের (আরটিপি) আওতায় ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গবেষণাভিত্তিক স্নাতকোত্তর (মাস্টার্স বাই রিসার্চ) ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপ প্রদান করে। এ স্কলারশিপের আওতায় সাধারণত মাস্টার্স বাই রিসার্চের জন্য সর্বোচ্চ ২ বছর এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩.৫ বছর পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ এবং প্রতি বছর প্রায় ৩৬ হাজার ৬১ অস্ট্রেলিয়ান ডলার (করমুক্ত) জীবনযাপন ভাতা (স্টাইপেন্ড) পান। এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে স্থানান্তর (রিলোকেশন) সহায়তাও পেতে পারেন।

বিস্তারিত: https://www.flinders.edu.au/scholarships/australian-government-research-training-program-scholarship-international