০৯ জুলাই ২০২৬, ১৯:৫৪

ইউরোপের বাল্টিক দেশগুলো হতে পারে সেরা গন্তব্য

স্কলারশিপে বাল্টিক দেশগুলোতে পড়াশোনা করতে চাইলে জেনে নিন খুঁটিনাটি  © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য বর্তমানে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে ইউরোপের দেশগুলো। এর অন্যতম হচ্ছে বাল্টিক অঞ্চলের তিনটি দেশ এস্তোনিয়া, লাতভিয়া ও লিথুয়ানিয়া। ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেনভুক্ত এই দেশগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং আধুনিক শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, ইংরেজি ভাষায় পাঠদান, উজ্জ্বল ক্যারিয়ার গঠনের সুযোগ ও তুলনামূলকভাবে কম খরচে জীবনযাত্রার কারণে  শিক্ষার্থীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

চলুন জেনে নেওয়া যাক এই তিনটি দেশের উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা ও বিস্তারিত তথ্য।

​১. এস্তোনিয়া (Estonia)

​বাল্টিক সাগরের তীরে অবস্থিত এস্তোনিয়াকে বলা হয় বিশ্বের অন্যতম উন্নত ডিজিটাল সমাজ। মাত্র ১.৪ মিলিয়ন জনসংখ্যার এই দেশটি আইটি এবং ই-গভর্নেন্স সেক্টরে বিশ্বজুড়ে সমাদৃত।

*​কেন পড়বেন: আপনি যদি কম্পিউটার সায়েন্স, আইটি বা স্টার্টআপ বিজনেস নিয়ে আগ্রহী হন, তবে এস্তোনিয়া আপনার জন্য সেরা গন্তব্য। এখানে পিএইচডি বা ডক্টরাল স্টাডিজ অফিশিয়ালি ফ্রি।

*​খরচ: ব্যাচেলর বা মাস্টার্স পর্যায়ে বছরে খরচ প্রায় €১,৫০০ থেকে €১৫,০০০ ইউরো।

*​কাজের সুযোগ: এখানকার নিয়ম বেশ শিক্ষার্থীবান্ধব। পড়াশোনায় ব্যাঘাত না ঘটিয়ে শিক্ষার্থীরা কাজ করতে পারেন এবং এর জন্য আলাদা কোনো ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় না।

*​অর্থনীতি: দেশটির জিডিপি প্রায় €৩৯.৫ বিলিয়ন এবং মাথাপিছু আয় প্রায় €২৮,৭৪০।

*​বিস্তারিত জানতে: studyinestonia.ee

২. লাতভিয়া (Latvia)

​বাল্টিক অঞ্চলের ঠিক মাঝখানে অবস্থিত লাতভিয়া। এর রাজধানী রিগা স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত। ১.৮৫ মিলিয়ন জনসংখ্যার এই দেশটি মেডিসিন ও প্রকৌশলবিদ্যার জন্য বিখ্যাত।

*​কেন পড়বেন: লাতভিয়ায় মেডিসিন, ইঞ্জিনিয়ারিং ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়ার মান অত্যন্ত উন্নত। ডিগ্রিগুলো বিশ্বব্যাপী স্বীকৃত।

*​খরচ: সাধারণ কোর্সে টিউশন ফি বছরে প্রায় €১,৫০০ থেকে শুরু হয়। জীবনযাত্রার ব্যয়ও পশ্চিম ইউরোপের তুলনায় বেশ কম।

*​কাজের সুযোগ: নন-EU শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত পার্ট-টাইম কাজ করতে পারেন। সেমিস্টার ব্রেকের সময় ফুল-টাইম কাজের সুযোগ রয়েছে।

*​স্কলারশিপ: লাতভিয়ান স্টেট স্কলারশিপের মাধ্যমে ব্যাচেলর থেকে পিএইচডি পর্যন্ত বিভিন্ন স্তরে আর্থিক অনুদান পাওয়া যায়।

*​বিস্তারিত জানতে: studyinlatvia.lv

৩. লিথুয়ানিয়া (Lithuania)

​বাল্টিক দেশগুলোর মধ্যে জনসংখ্যা (প্রায় ২.৮৯ মিলিয়ন) এবং অর্থনীতির আকারে লিথুয়ানিয়া সবচেয়ে বড়। এর রাজধানী ভিলনিয়াস একটি ঐতিহাসিক ও আধুনিক শহর।

*​কেন পড়বেন: ফিন্যান্স, বিজনেস, লেজার টেকনোলজি ও হেলথ সায়েন্সে লিথুয়ানিয়া অনেক এগিয়ে। দেশটির মাথাপিছু জিডিপি প্রায় $৩২,৯৮২, যা শক্তিশালী অর্থনীতির ইঙ্গিত দেয়।

*​খরচ: টিউশন ফি বাৎসরিক প্রায় €১,৩০০ থেকে শুরু করে €১৫,০০০ পর্যন্ত হতে পারে।

*​কাজের সুযোগ: এখানেও শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজের সুযোগ পান। তবে পিএইচডি গবেষকরা ফুল-টাইম কাজ করার সুবিধা ভোগ করেন।

*​স্কলারশিপ: মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকারি ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা রয়েছে যা টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয় মেটাতে সাহায্য করে।

*​বিস্তারিত জানতে: studyin.lt