সরকারি কর্মকর্তাদের মাস্টার্স ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার মর্যাদাপূর্ণ ‘কইকা (KOICA) স্কলারশিপ প্রোগ্রাম ২০২৭’-এর আওতায় উচ্চশিক্ষার দারুণ সুযোগ পাচ্ছেন বাংলাদেশের সরকারি কর্মকর্তারা। এই প্রোগ্রামের অধীনে মোট ১৫টি পূর্ণাঙ্গ বৃত্তির (১১টি মাস্টার্স এবং ৪টি পিএইচডি) জন্য যোগ্য কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি সব মন্ত্রণালয়ের সচিব ও দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া সরকারের অর্থায়নে কইকা স্কলারশিপ প্রোগ্রাম ২০২৭-এর আওতায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাসমূহ এবং মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের উচ্চশিক্ষার লক্ষ্যে ১৫টি (১১টি মাস্টার্স এবং ৪টি পিএইচডি) পূর্ণ বৃত্তির সুযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই উচ্চশিক্ষা প্রোগ্রামে অংশগ্রহণকারী কর্মকর্তাদের যাবতীয় ব্যয়ভার সম্পূর্ণভাবে দক্ষিণ কোরিয়া সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা বা ব্যয় থাকবে না।
আবেদনের শর্তাবলি
কইকা স্কলারশিপ প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে:
*প্রার্থীর বয়স ৪০ বছর অথবা এর কম হতে হবে;
*প্রোগ্রামের বিষয়বস্তুর সঙ্গে প্রার্থীর কাজের সম্পৃক্ততা থাকতে হবে;
*প্রার্থীদের Relevant field of study-তে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*যেসব কর্মকর্তা পূর্বে কোনো কইকা (KOICA) স্কলারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেননি। তবে যারা কইকা স্টার্স ডিগ্রি প্রোগ্রাম সম্পন্ন করেছেন এবং ইতোমধ্যে সর্বনিম্ন তিন বছর সময় অতিক্রম হয়েছে, তারা ডক্টরাল ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৯ জুলাই ২০২৬।