১১ জুলাই ২০২৬, ২০:১১

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে জাপান গেল জাতীয় গণিত দল

জাপানে বাংলাদেশ জাতীয় গণিত দল  © সংগৃহীত

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের মঞ্চে বাংলাদেশের তরুণ গণিত প্রতিভাদের এক বড় অর্জনের গল্প তৈরি হতে যাচ্ছে। সম্মানজনক আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স ইনভিটেশনাল ২০২৬’ অংশ নিতে জাপান যাচ্ছে বাংলাদেশ জাতীয় গণিত দল। ১০ থেকে ১৪ জুলাই পর্যন্ত জাপানের চিবা শহরে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে বিশ্বের প্রায় ৩০টিরও বেশি দেশ থেকে ১,৫০০ জন মেধাবী শিক্ষার্থী অংশ নেবে। বাংলাদেশের হয়ে এই বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবে ২৭ সদস্যের একটি শক্তিশালী দল, যার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলার ম্যাথ।

বাংলাদেশ দলের প্রতিযোগীরা দ্বিতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। জাতীয় দলে স্থান পাওয়া খুদে গণিতবিদরা হলেন— দ্বিতীয় শ্রেণীতে আহমেদ আব্দুল্লাহ রাজিক খান (স্কলারিকা) ও নাজফা খান (রাইজ)। তৃতীয় শ্রেণীতে দেওয়ান আফিফ মিনহাজ (ম্যাপেললিফ), আইমন তন্ময় সরকার (সানবিমস) ও আরিক নাথ (সেন্ট গ্রেগরি)। চতুর্থ শ্রেণীতে শায়ান মুরাদ সরকার ও নাবিহা আফরিন ইউসা (মেরিট ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল)। পঞ্চম শ্রেণীতে প্রিয়াংশু ঋষি রায় (এসএফএক্স গ্রিনহেরাল্ড) ও তাজদীদ আল আসাদ (সেন্ট জোসেফ)। ষষ্ঠ শ্রেণীতে সাজিদুল হক (সেন্ট জোসেফ), আরিয়ান আহমেদ (সাউথব্রিজ) ও ইরগে তালুকদার (স্কলারিকা)। সপ্তম শ্রেণীতে আহমেদ আয়ান ইব্রাহিম (আগা খান একাডেমি), পৃথিবী কুন্ডু (এসএফএক্স গ্রিনহেরাল্ড) ও আজীব আইরেন (রেসিডেন্সিয়াল মডেল কলেজ)। অষ্টম শ্রেণীতে মোহাম্মদ নুরুল মাতিয়ু মজুমদার, জুলকিফাল মুকসিত (এসএফএক্স গ্রিনহেরাল্ড), মেহরাব ইবনে ইসহাক (সেন্ট জোসেফ), আয়ন সালেহ মো. আব্দুল্লাহ সিকদার (সেন্ট গ্রেগরি) ও আরাফ আহমেদ গাফফার (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ)। নবম শ্রেণীতে কৌশিক ভৌমিক (বিএল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ), রাহিদ আজাদ অহন (খুলনা পাবলিক কলেজ) ও সৈয়দ রাফি আলী (রেসিডেন্সিয়াল মডেল কলেজ)। দশম শ্রেণীতে আহবাব জুলকিফল জাহিন (রাজশাহী কলেজিয়েট স্কুল), আয়য়ান জাহান (মেরিট ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরা) ও রজত বালা (স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ) এবং একাদশ শ্রেণীতে নুরেন নাভিদ জাইয়ান (এসএফএক্স গ্রিনহেরাল্ড)। জাপানগামী এই দলের প্রশিক্ষক বা কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আহমেদ শাহরিয়ার, এস. এম. মাহতাব হোসাইন এবং প্রো. আশরাফুল আল শাকুুর।

গত ৮ জুলাই ঢাকার মোহাম্মদপুরে বাংলার ম্যাথ’এর প্রধান কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই দলের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়। WMI-২০২৬ এর বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশজুড়ে ‘Banglar Math Excellence Championship (BMEC) 2026’ আয়োজন করা হয়েছিল। এতে দেশের ৫২টি জেলা থেকে ৫,০০০ এরও বেশি শিক্ষার্থী নিবন্ধন করে। 

প্রথমে অনলাইন বাছাই পর্ব এবং পরবর্তীতে গত ১ মে ২০২৬ তারিখে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৬৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় পর্ব থেকে ১২০ জন বিজয়ীকে নির্বাচন করা হয়। পরবর্তীতে জাতীয় পর্বের ফলাফল এবং টিম সিলেকশন টেস্ট (TST)-এর ভিত্তিতে চূড়ান্তভাবে এই ২৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়।

দল গঠন প্রসঙ্গে বাংলার ম্যাথ-এর সহ-প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ দলের কোচ প্রো. আশরাফুল আল শাকুুর বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতা দুটোরই চমৎকার মেলবন্ধন রয়েছে। প্রয়োজন শুধু নিয়মিত চর্চার অনুকূল পরিবেশ এবং সঠিক মেন্টরিং। এই দুটি নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশ আরও বড় সাফল্য অর্জন করতে পারবে।’ 

জাতীয় দলের অন্যতম সদস্য আরাফ আহমেদ গাফফার নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘WMI-তে দুই ধাপের পরীক্ষার সম্মিলিত ফলাফলের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়। তাই আমরা সবাই দীর্ঘদিনের কঠোর প্রস্তুতি নিয়েছি। দেশের জন্য সর্বোচ্চ গৌরব বয়ে আনার লক্ষ্য নিয়েই আমরা জাপানে যাচ্ছি।’ ‘বাংলার ম্যাথ’ বিশ্বাস করে, এই আন্তর্জাতিক অংশগ্রহণ শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ গণিত প্রতিভাদের তুলে ধরার একটি অনন্য মাইলফলক।

প্রসঙ্গত উল্লেখ্য যে দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স ইনভাইটেশনালে বাংলাদেশ দল অংশগ্রহণ করছে। বাংলাদেশ দলের সামগ্রিক তত্ত্বাবধান করছে বাংলার ম্যাথ। আর এ দলের মিডিয়া পার্টনার হিসেবে পৃষ্টপোষকতা করছে দেশের শিক্ষা বিষয়ক পূর্নাঙ্গ ডিজিটাল গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস।