জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিচ্ছে সরকার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীর শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানটির কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে বক্তব্য দেন মাহদী আমিন। শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাহদী আমিন বলেন, শিক্ষাবিষয়ক ইশতেহার ও পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কারের মাধ্যমে দেশের ভাগ্য পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করেন। এই বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কার আনতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। প্রধানমন্ত্রীর সেই আকাঙ্ক্ষা সামনে রেখেই বর্তমান সরকার বিশ্ববিদ্যালয়টির উন্নয়নে কাজ করছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দায়িত্ব গ্রহণের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে বিকেন্দ্রীকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মাহদী আমিন। তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা প্রধানমন্ত্রীর রয়েছে, তা বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।
সরকারের শিক্ষাবিষয়ক পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দীর্ঘদিন তৃণমূলের রাজনীতি করা প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন, আকাঙ্ক্ষা ও পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্র পাশে থাকবে। এ লক্ষ্য অর্জনে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি হিসেবে ভূমিকা রাখতে পারে।
আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়গুলোর উদাহরণ তুলে ধরে মাহদী আমিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মানের জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চেয়েছিলেন, বিশ্বের বিভিন্ন দেশে তার প্রতিফলন দেখা যায়। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রতিবেশী দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি নিজ নিজ দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান।
বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো সেই কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদের দীর্ঘ ১৬ বছরে রাষ্ট্রকাঠামোর পাশাপাশি শিক্ষাব্যবস্থাও ধ্বংস করা হয়েছিল। এর সবচেয়ে বড় আঘাত এসেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবেগের প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর।
গত নয় মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে মাহদী আমিন বলেন, তৃতীয় ভাষা, কারিগরি ভাষা, কারিগরি দক্ষতা, আনন্দের সঙ্গে শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগকে সরকার সাধুবাদ জানায়। তবে এগুলো সফল করতে হলে শিক্ষার দুটি মূল লক্ষ্য অর্জন করতে হবে।
তিনি বলেন, শিক্ষার প্রথম লক্ষ্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা, যাতে তাঁদের মধ্যে সঠিক মূল্যবোধ ও নীতিবোধ থাকে। দ্বিতীয় লক্ষ্য হলো এমন দক্ষতা ও যোগ্যতা তৈরি করা, যাতে তাঁরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন। ভালো মানুষ ও কর্মদক্ষ নাগরিক তৈরি করাই সরকারের সব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য।
কলেজ অধ্যক্ষদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে মাহদী আমিন বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায় বা শিক্ষা মন্ত্রণালয় থেকে নীতি নির্ধারণ করলেই হবে না। মাঠপর্যায়ে এসব নীতি কতটা কার্যকর হচ্ছে, তা অনেকাংশে নির্ভর করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্বের ওপর। এ ক্ষেত্রে অধ্যক্ষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে বিদ্যমান বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, অধিভুক্ত অনেক কলেজ রয়েছে, যেগুলো কোনো কোনো ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের চেয়েও বড় ব্র্যান্ড ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। আবার এমন কলেজও আছে, যেখানে শিক্ষার্থীরা ভর্তি হতে চান না। কোথাও শিক্ষার্থী থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই। এই বৈষম্য দূর করতে হবে।
মাহদী আমিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ২ হাজার ৩০০-এর বেশি প্রতিষ্ঠানে গুণগত মান নিশ্চিত করতে চায় সরকার। এ জন্য শিক্ষকদের প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ল্যাবরেটরি ও লাইব্রেরির যথাযথ ব্যবহার, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হার অত্যন্ত হতাশাজনক।
অংশীজনদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, অধিভুক্ত ২ হাজার ৩০০-এর বেশি প্রতিষ্ঠানে একটি অভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠা করা গেলে শিক্ষার গুণগত মান, শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যক্রমে সামঞ্জস্য তৈরি হবে। এর মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।
বিএনপি সরকারের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ আবেগ ও অনুভূতির জায়গা বলে মন্তব্য করেন মাহদী আমিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। আজ যে ইনডোর স্টেডিয়ামে সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে, সেটিও তাঁর হাত ধরেই নির্মিত।
সরকারের পরিকল্পনা ও নীতিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে মাহদী আমিন বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং মেধার যথাযথ মূল্যায়ন হবে। প্রত্যন্ত এলাকার একজন শিক্ষার্থীর স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণেও রাষ্ট্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সহযোগিতা করবে।
বর্তমান সরকারের জনসমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শক্তির উৎস জনগণ। জনগণের বিপুল ম্যান্ডেট ও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সংস্কার করবে। এর মাধ্যমে গণমানুষের শিক্ষাক্ষেত্রে ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষাভাবনার প্রসঙ্গ টেনে মাহদী আমিন বলেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, যেখানে শিক্ষার প্রতিটি ক্ষেত্রে সমতা ও ন্যায্যতা থাকবে। উন্নত রাস্তাঘাট, প্রযুক্তি কিংবা পরিবহনব্যবস্থা না থাকলেও প্রত্যন্ত অঞ্চলে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে—এমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয় সেই লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখছে। দেশের দুর্গম এলাকাগুলোতেও বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজগুলো শিক্ষার আলো ছড়াচ্ছে।
সম্মিলনে আরও বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩০০-এর বেশি কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।