২৭ নভেম্বর ২০২৬, ১৪:৩০

কর্মকর্তা মারধরের ঘটনায় বেরোবিতে ৪ বিএনপিপন্থী কর্মকর্তা সাময়িক বরখাস্ত, বহাল সাবেক ছাত্রলীগ নেতা

সাময়িক বরখাস্ত হওয়া চার কর্মকর্তা  © টিডিসি সম্পাদিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্যের উপস্থিতিতে এক কর্মকর্তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের শীর্ষ চার নেতাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে একই ঘটনায় অভিযুক্ত রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রেজাউল ইসলাম লাবুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া বিএনপিপন্থী কর্মকর্তাদের অভিযোগ, আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের পুনর্বাসনের অংশ হিসেবে উপাচার্য তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. এম শওকাত আলী।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ও রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা ড. রোকনুজ্জামান, সহসভাপতি ও সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় লাইব্রেরির উপ-গ্রন্থাগারিক মামদুদুর রহমান এবং সহসাধারণ সম্পাদক ও সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম তারেক।

উপাচার্য অধ্যাপক ড. এম শওকাত আলী বলেন, তার কক্ষে বিধিবহির্ভূতভাবে প্রবেশ করে একজন কর্মকর্তাকে মারধর করা হয়েছিল। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা লিখিত অভিযোগ দিলে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। পরে ১২৪তম সিন্ডিকেট সভায় কমিটির প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিষয়টি সভার আলোচ্যসূচিতে থাকায় অভিযুক্ত চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর সন্ধ্যায় উপাচার্যের কক্ষে তার উপস্থিতিতে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুজ্জামান ও সনদ জালিয়াতির অভিযোগে তদন্ত প্রতিবেদন সিন্ডিকেটের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা প্রভাষক মোহাম্মদ ইউসুফের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় বাংলা বিভাগের উপ-রেজিস্ট্রার রফিকুল ইসলাম কথা বলেন।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ওই চার কর্মকর্তাসহ রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী রেজিস্ট্রার রেজাউল ইসলাম লাবু রফিকুল ইসলামকে মারধর করেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্রলীগকে হেলমেট সরবরাহের দায়ে লাবুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মারধরের একপর্যায়ে ফুলের টব ও কাচের বোতল দিয়ে আঘাত করা হলে রফিকুল ইসলামের মাথা ফেটে যায়।

পরে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ভুক্তভোগী কর্মকর্তা লিখিতভাবে ঘটনার প্রতিকার চান। তার অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্যানুসন্ধান কমিটি গঠন করে এবং পরবর্তী সময়ে সিন্ডিকেট সভায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে একই ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু বিএনপিপন্থী চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করায় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী বাংলা বিভাগের উপ-রেজিস্ট্রার রফিকুল ইসলাম বলেন, ‘আমি লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছিলাম, পাঁচজনের ব্যাপারে এবং কে কীভাবে আমাকে মারধর করেছেন, তাঁদের সবার ভূমিকার কথা উল্লেখ করেছিলাম। কিন্তু প্রশাসন কেন শুধু চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিল, সেটা তারাই বলতে পারবেন। আমি চাই, এ ঘটনার ন্যায়সংগত বিচার হোক। যারা জড়িত, সবাইকে বিচারের আওতায় আনা হোক।’

সাময়িক বরখাস্ত হওয়া জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ও রিসার্চ ইনস্টিটিউটের রিসার্চ অফিসার ড. রোকনুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করার জন্য বিএনপিপন্থী কর্মকর্তাদের বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন। ওই দিন সেখানে আওয়ামীপন্থী কর্মকর্তারা আমাদের ওপর চড়াও হয়েছেন। তাদের মধ্যে একজন শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কর্মকর্তাও ছিলেন। কিন্তু ভিসি তাদের বাঁচিয়ে দিয়েছেন। সব বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’

অভিযোগের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ সিন্ডিকেট তথ্যানুসন্ধান প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে। এটি তার একক সিদ্ধান্ত নয়।