২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২

কুবির প্রধান ফটকে সিসিটিভি অচল থাকায় ক্ষোভ, প্রশাসনের দায়িত্বে অবহেলার অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন নারী শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন। ঘটনার পর জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, প্রধান ফটকের একটি ক্যামেরা অচল রয়েছে। জানা গেছে, ক্যামেরাটি অন্তত দুই মাস ধরে নষ্ট। বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে দীর্ঘদিন ধরে সিসিটিভি ক্যামেরা অচল থাকায় প্রশাসনের দায়িত্বে অবহেলা ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা হামিম এবং স্থানীয় এক অটোরিকশাচালক।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, প্রধান ফটকে দুটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। ঘটনার পর ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হলেও মূল ফটকের একটি ক্যামেরা নষ্ট থাকায় তা সম্ভব হয়নি। ক্যামেরাটি অন্তত দুই মাস ধরে অচল রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘এখানে কারো কোনো দায়িত্বে অবহেলা নেই। প্রশাসন সাথে সাথেই পুলিশকে কল দিয়েছে এবং কিছুদিনের মধ্যেই সকল সিসিটিভি ক্যামেরা সচল করা হবে। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদেরকে যেখানেই পাবো সেখানেই পেটাবো।’

আপনার দলের কর্মীরাও প্রশাসনের দায়িত্বে অবহেলার কথা বলছেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কে কি লিখেছে আমি দেখিনি। এখানে প্রশাসনের দায়িত্বে কোনো অবহেলা নেই।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের মতো গুরুত্বপূর্ণ স্থানের সিসিটিভি ক্যামেরা অচল থাকা অত্যন্ত উদ্বেগজনক। ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের মতো ঘটনার পর নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের শনাক্ত করার গুরুত্বপূর্ণ মাধ্যমটিই অকার্যকর। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দায়িত্বশীলতা ও তদারকি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমরা মনে করি, শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে প্রশাসনের এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘আমরা এই মাত্র এসেছি। আমরা খবর পাওয়ার সাথে সাথে এসেছি। খোঁজ নিয়ে জানাতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ডিরেক্টর ইন-চার্জ বলেন, ‘যে স্টাফরা এগুলো দেখেন তারা আমাদেরকে জানায়নি। আমরা এখন জেনেছি এবং খুব দ্রুতই এটি সচল করবো।’

দায়িত্বে অবহেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘না। আমাদের দায়িত্বে অবহেলা নেই। আমরা খুব দ্রুতই এটা সচল করার কাজ করবো।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসাইন বলেন, ‘একটি সমস্যা সম্পর্কে জানার পরে সেটা সমাধান করতে একটা প্রসিজিওর ফলো করতে হয়। বাজেট পাশ করতে হয়, সমস্যা সম্পর্কে জানাতে হয়। এখানে দায়িত্বের কোনো অবহেলা নেই। আমরা এখন জানতে পেরেছি। খুব শীঘ্রই এটা সচল করার প্রক্রিয়া শুরু করা হবে।’

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সদস্য নাঈম ভূঁইয়া বলেন, ‘কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের বাসের আগুনসহ টায়ার নিক্ষেপ করার পরে আমরা বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আরও জোরদার করতে। কিন্তু, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সিসিটিভি ক্যামেরাই অচল। এটা অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বে গাফিলতি। আশাকরি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। জঙ্গি লীগের এমন সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচার করার দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায়ও সিসিটিভি ক্যামেরা পরিচালনা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।