ইবিতে শহীদ সাজিদ আব্দুল্লাহর নামে হল নামকরণের দাবি শিক্ষার্থীদের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন নতুন আবাসিক হলের নামকরণ সাজিদ আব্দুল্লাহর নামে করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ দাবিতে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্র হল-২ এর সামনে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা এ দাবি তুলে ধরেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর অবদান ও স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে নির্মাণাধীন নতুন হলটির নাম তার নামে হওয়া উচিত। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং ক্যাম্পাসের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। তাই তার প্রতি সম্মান জানিয়ে নতুন হলটির নামকরণ ‘সাজিদ আব্দুল্লাহ হল’ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ‘এই হলের নামকরণের মাধ্যমে ক্যাম্পাসে আধিপত্যবাদবিরোধী ও কালচারাল ফ্যাসিস্টবিরোধী শিল্পী এবং জুলাই যোদ্ধা হিসেবে সাদিক আব্দুল্লাহর স্মৃতি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে জীবিত রাখা সম্ভব হবে। একইসঙ্গে প্রশাসন যেন ভবিষ্যতে নিরাপত্তাজনিত কারণে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা এড়াতে সতর্ক থাকে এবং দ্রুত হলটির নাম ঘোষণা করে। আমরা হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি জানতে চাই। এই হত্যার তদন্ত যেন কোনোভাবেই দীর্ঘায়িত বা ভিন্ন খাতে প্রবাহিত না হয়, সেজন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাই।’
শাখা ছাত্রশিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, ‘১৭৫ একরের এই ছোট্ট ক্যাম্পাসে প্রশাসনের ব্যর্থতার কারণে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এর ফলেই জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী কণ্ঠস্বর সাজিদ আব্দুল্লাহকে হারাতে হয়েছে। প্রশাসন দ্রুত তদন্ত ও বিচারের আশ্বাস দিলেও এক বছর পেরিয়ে যাওয়ার পরও শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যার রহস্য উন্মোচন করতে পারেনি।’
তিনি ও ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হলটির নামকরণ 'শহীদ সাজিদ আব্দুল্লাহ হল' করার বিষয়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে পূর্ণ একমত পোষণ করেন এবং প্রশাসনের প্রতি দ্রুত রাষ্ট্রীয় তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে একটি নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ে তোলার দাবি জানান।